ছবি-ভিডিও-অডিও-লেখা এআই কি না, তা জানাবে গুগল

অনলাইন দুনিয়ায় কোনো ছবি, ভিডিও বা অডিও ক্লিপ দেখে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে বিভ্রান্তি দূর করতে গুগল নিয়ে এসেছে নতুন এক সমাধান।

গুগলের তৈরি সিন্থআইডি ডিটেক্টর নামের এই ভেরিফিকেশন পোর্টাল এখন বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ওপেনএআই, এনভিডিয়া, কাকাও এবং শিগগিরই অ্যাপলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ইংরেজি ভাষায় এই সেবা বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য সহজলভ্য করা হয়েছে। এর ফলে ডিজিটাল আধেয় বা কনটেন্টের সত্যতা যাচাই করা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ ও কার্যকর হয়ে উঠেছে।

এই পোর্টালের মাধ্যমে যেকোনো মিডিয়া ফাইলের উৎস খুব সহজেই পরীক্ষা করা সম্ভব। এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে synthid.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনার সন্দেহভাজন বা কৌতূহলী ছবি, ভিডিও কিংবা অডিও ফাইলটি ওই পোর্টালে আপলোড করতে হবে। পোর্টাল তখন স্বয়ংক্রিয়ভাবে ফাইল স্ক্যান করে দেখবে কনটেন্ট বা আধেয়তে গুগল বা অংশীদার প্রতিষ্ঠানগুলোর দেওয়া কোনো সিন্থআইডি ওয়াটারমার্ক রয়েছে কি না। এই ওয়াটারমার্ক মূলত অদৃশ্য বা ডিজিটাল সংকেত হিসেবে কাজ করে, যা সাধারণ চোখে ধরা না পড়লেও এআই শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে সহজেই খুঁজে পাওয়া যায়।

গুগল জানিয়েছে, বর্তমান ডিজিটাল যুগে ডিপফেক এবং এআই-প্রাসঙ্গিক অপতথ্য রোধে এ ধরনের টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টারনেট ব্যবহারকারীরা এখন খুব সহজেই ভুয়া বা এআই-নির্মিত মিডিয়া কনটেন্ট চিহ্নিত করতে পারবেন, যা অনলাইনে সঠিক তথ্য বজায় রাখতে সাহায্য করবে। গুগলের এই উদ্যোগ ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে গভীর ধারণা পেতে ব্যবহারকারীরা নির্ধারিত এই ওয়েবসাইটে (goo.gle/4rU9uOW) গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন।