বাংলাদেশে অবৈধ, তবু বৈশ্বিক ক্রিপ্টো মুদ্রার ব্যবহারের তালিকায় অবস্থান ১৩তম

ক্রিপ্টোকারন্সির প্রতীকী ছবিরয়টার্স

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো মুদ্রার ব্যবহার ও লেনদেন আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল মুদ্রা গ্রহণের তালিকায় বাংলাদেশ শীর্ষ ২০ দেশের একটি। ব্লকচেইন বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিস প্রকাশিত ২০২৫ গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্স অনুযায়ী, ক্রিপ্টো মুদ্রা ব্যবহারের দিক থেকে বিশ্বের ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই এখন অন্যতম শীর্ষ ক্রিপ্টো ব্যবহারকারী দেশ।

চেইন অ্যানালাইসিসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ক্রিপ্টো গ্রহণের হার বিবেচনায় এই সূচক তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, অনেক উন্নত দেশকে পেছনে ফেলে মধ্য ও দক্ষিণ এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের দেশগুলো বৈশ্বিক ক্রিপ্টো ইকোসিস্টেমে প্রভাবশালী ভূমিকা পালন করছে। ২০২৫ সালের এই সূচকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের এক নম্বর দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে ভারত। ভারতের বিপুল জনসংখ্যা ও ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার দেশটিকে তালিকার শীর্ষে রেখেছে। সূচকের শীর্ষ পাঁচটি দেশ হলো ভারত, নাইজেরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া।

২০২৪ সালের সূচকে বাংলাদেশ ১৭তম অবস্থানে ছিল, ২০২৫ সালে তা চার ধাপ এগিয়ে ১৩তম স্থানে দেখা যাচ্ছে। এই তালিকায় বাংলাদেশ এখন ব্রাজিল (দশম) ও থাইল্যান্ডের (১২তম) মতো শক্তিশালী অর্থনীতির দেশের ঠিক পরেই অবস্থান করছে। অথচ বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন না করার বিষয়ে সতর্কতা জারি করেছে। ধারণা করা হচ্ছে, রেমিট্যান্স, গেমিং ও মুদ্রাস্ফীতির বিপরীতে সম্পদ সংরক্ষণের উপায় হিসেবে অনেক ব্যবহারকারী বিকল্প পথে ক্রিপ্টো মুদ্রার দিকে ঝুঁকছেন।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বৈশ্বিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক ক্রিপ্টো গ্রহণের এই জোয়ার মূলত উন্নয়নশীল দেশগুলোতেই বেশি দেখা যাচ্ছে। তালিকার শীর্ষ ২০টি দেশের মধ্যে সাতটিই নিম্নমধ্যম আয়ের দেশ। যুক্তরাষ্ট্র একমাত্র উন্নত দেশ হিসেবে চতুর্থ স্থানে রয়েছে। ভিয়েতনাম তৃতীয় এবং ফিলিপাইন অষ্টম তাদের গেমিং ও বিকেন্দ্রীভূত ফিন্যান্সবিষয়ক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখেছে। চেইন অ্যানালাইসিস জানায়, এই সূচক কেবল কত টাকার লেনদেন হয়েছে, তার ওপর ভিত্তি করে নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রায় ক্রিপ্টো মুদ্রা কতটা জায়গা করে নিয়েছে, তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সূত্র: চেইন অ্যানালাইসিস