ইউটিউবে শর্টস পুরোপুরি বন্ধের সুযোগ

ইউটিউবে শর্টস বন্ধ করা যাবেছবি: সংগৃহীত

ইউটিউব কর্তৃপক্ষ তাদের মাধ্যমে শর্টস ভিডিওর প্রচার বেশ জোরেশোরেই চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এত দিন এটি পুরোপুরি বন্ধ করার কোনো উপায় ছিল না। ফলে ব্যবহারকারীদের কাছে একমাত্র উপায় ছিল শর্টসগুলোকে এড়িয়ে যাওয়া। গত বছরের অক্টোবরে গুগল শর্টস দেখার আসক্তি কমাতে ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত একটি দৈনিক সময়সীমা নির্ধারণের সুবিধা চালু করেছিল। এখন তারা আরও এক ধাপ এগিয়ে, এই সময়সীমা শূন্য মিনিটে নামিয়ে আনার সুযোগ করে দিচ্ছে। যা কার্যত শর্টস বন্ধ করারই সমতুল্য।

চলতি বছরের জানুয়ারিতে এই সুবিধা প্যারেন্টাল কন্ট্রোল অ্যাকাউন্টেও চালু করা হয়। এর ফলে অভিভাবকেরা সন্তানদের শর্টস দেখার সময় সীমিত রাখতে পারতেন; কিন্তু সর্বনিম্ন সময়সীমা ১৫ মিনিট হওয়ায় সম্পূর্ণ নিয়ন্ত্রণের সুযোগ পাওয়া যাচ্ছিল না। এবার সেই সীমাবদ্ধতা দূর করেছে গুগল। নতুন হালনাগাদে শর্টসের সময়সীমা ‘শূন্য মিনিট’ নির্ধারণের সুযোগ যুক্ত হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে শর্টস ফিচার কার্যত বন্ধ রাখতে পারবেন। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ‘দ্য ভার্জ’–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই সুবিধা চালু থাকলে সময়সীমা শূন্যে নির্ধারণ করার পর ইউটিউব অ্যাপে ‘ইউ রিচড ইওর শর্টস ফিড লিমিট’ বার্তা প্রদর্শিত হবে এবং স্বয়ংক্রিয়ভাবে স্ক্রলিং বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে মূল ফিডে আর কোনো শর্টস ভিডিও দেখা যাবে না। তবে এই পরিবর্তন কেবল ইউটিউবের মূল ফিডের ক্ষেত্রেই প্রযোজ্য। সাবস্ক্রিপশন অংশে শর্টস ভিডিও দেখা যাবে এবং আলাদাভাবে শর্টস ভিডিও চালানোর সুযোগও বহাল থাকবে।

শর্টসের সময়সীমা নির্ধারণ করতে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে ‘টাইম ম্যানেজমেন্ট’ অংশে প্রবেশ করতে হবে। সেখানে ‘শর্টস ফিড লিমিট’ চালু করে পছন্দ অনুযায়ী সময় নির্ধারণ করা যাবে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টে সুবিধাটি সক্রিয় থাকলে সময়সীমা শূন্য মিনিটে নির্ধারণ করা সম্ভব হবে। অন্যথায় ১৫ মিনিট থেকে শুরু করে ধাপে ধাপে এক ঘণ্টা এবং সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত সময় নির্ধারণের বিকল্প থাকবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ