ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, নিরাপদ থাকবেন যেভাবে

ক্রোম ব্রাউজারে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে গুগলরয়টার্স

ক্রোম ব্রাউজারে থাকা ভয়ংকর একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে গুগল। ‘সিভিই-২০২৬-২৪৪১’ নামের এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীদের যন্ত্রে ব্যবহৃত ব্রাউজারে অরবিটারি কোড যুক্ত করে গোপনের বিভিন্ন ওয়েবপেজ চালু করতে পারে। শুধু তা–ই নয়, ব্রাউজারের কার্যক্রমও নিয়ন্ত্রণ করতে পারে তারা। ত্রুটির বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে গুগল।

গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে থাকা নিরাপত্তা ত্রুটিটি খুবই ভয়ংকর। ক্ষতির মাত্রা বিবেচনায় ত্রুটিটিকে ১০ নম্বরের মধ্যে ৮.৮ বলে বিবেচনা করা হচ্ছে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি পুরোনো সব সংস্করণের ক্রোম ব্রাউজারে ত্রুটিটি থাকায় অনলাইনে নিরাপদ থাকতে হলে দ্রুত নিরাপত্তা প্যাচযুক্ত হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।

অ্যান্ড্রয়েড ১৪৫.০.৭৬৩২.৭৫ সংস্করণ থেকে পরবর্তী সব সংস্করণ ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা প্যাচটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ১৪৫.০.৭৬৩২.৭৫/৭৬ এবং ১৪৪.০.৭৫৫৯.৭৫ সংস্করণেও নিরাপত্তা প্যাচটি যুক্ত করা হয়েছে।

গুগল জানিয়েছে, অনলাইনে নিরাপদ থাকতে হলে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে অবশ্যই হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। অধিকাংশ ব্যবহারকারী হালনাগাদ না করা পর্যন্ত ত্রুটিটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া