গোপনীয়তার ঝুঁকি থাকায় চীনে তৈরি অ্যাপ ব্যবহারে সতর্ক করল এফবিআই
চীনে তৈরি মোবাইল অ্যাপ ব্যবহারে গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তাঝুঁকি বাড়ছে বলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সুনির্দিষ্ট কোনো অ্যাপের নাম উল্লেখ না করে সংস্থাটি জানিয়েছে, চীনে তৈরি অ্যাপগুলোতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে, যা নিরাপত্তাঝুঁকি বাড়াতে পারে।
সম্প্রতি ইন্টারনেট ক্রাইম কমপ্লায়েন্ট সেন্টার প্ল্যাটফর্মে প্রকাশিত এক ঘোষণায় এফবিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড ও আয় করা অনেক অ্যাপই বিদেশি প্রতিষ্ঠানের তৈরি। এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশই চীনে অবস্থিত। যেসব অ্যাপের প্রযুক্তিগত অবকাঠামো চীনে পরিচালিত হয়, সেগুলো দেশটির জাতীয় নিরাপত্তা আইনের আওতায় পড়ে। ফলে প্রয়োজন হলে চীন সরকার এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্যের প্রবেশাধিকার পেতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিছু অ্যাপ ব্যবহারকারীদের সীমিত অনুমতি থাকা সত্ত্বেও নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি কিছু অ্যাপ চালু না থাকলেও ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঝুঁকি থেকে যায়। ডিফল্ট অনুমতির সুযোগ নিয়ে এসব অ্যাপ ব্যবহারকারীর যোগাযোগ তালিকা, নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, ব্যবহারকারী পরিচিতি নম্বর, ঠিকানা সহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে।
চীনে তৈরি অ্যাপগুলোর গোপনীয়তা নীতিতে সংগৃহীত তথ্য কোথায় এবং কত দিন সংরক্ষণ করা হবে, তা সাধারণত উল্লেখ থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে এসব তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হয় এবং নির্মাতা প্রতিষ্ঠানগুলো চাইলে তা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারে। আবার কিছু অ্যাপ ব্যবহার করতে হলে তথ্য আদান–প্রদানের জন্য সম্মতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যবহারকারীদের বিকল্প ব্যবহারের সুযোগ সীমিত করে।
চীনে তৈরি অ্যাপগুলোতে নিজেদের তথ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় তথ্য শেয়ার বন্ধ রাখার পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং কেবল নির্ভরযোগ্য উৎস থেকে যাচাইকৃত অ্যাপ ডাউনলোডের পরামর্শ দিয়েছে এফবিআই। সংস্থাটি বলছে, মনে রাখার সুবিধার্থে অনেকেই সহজ পাসওয়ার্ড বেছে নেন, যা ‘ব্রুট-ফোর্স’ সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ায়।
উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া একটি আইনের আওতায় চীনে তৈরি টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম পরিচালনার মালিকানা হস্তান্তরে বাধ্য করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরের শুরুতে টিকটক নিজেদের মার্কিন কার্যক্রমের নিয়ন্ত্রণ ওরাকল, সিলভার লেক এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমজিএক্সের নেতৃত্বাধীন একটি যৌথ উদ্যোগের কাছে হস্তান্তর করেছে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার