ফোন থেকেই বন্ধ ও হালনাগাদ করা যাবে উইন্ডোজ পিসি, কবে থেকে
স্মার্টফোন ও উইন্ডোজ পিসির মধ্যে আন্তসংযোগের সুবিধা আরও বাড়ানোর কাজ করছে মাইক্রোসফট। নতুন সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড ফোনে একটি ট্যাপ করেই উইন্ডোজ পিসি বন্ধ করা, স্লিপ মোডে নেওয়া এবং সফটওয়্যার হালনাগাদ করা যাবে। এমনকি ফোন থেকেই পিসি হালনাগাদ করে আবার চালু বা বন্ধ করার নির্দেশও দেওয়া যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাইক্রোসফটের ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে এসব সুবিধার সম্ভাব্য ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি। অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে উইন্ডোজ লেটেস্ট। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির কোডে উইন্ডোজ পিসি বন্ধ করা এবং স্লিপ মোডে নেওয়ার জন্য নির্দিষ্ট নির্দেশনা পাওয়া গেছে। এর অর্থ হলো, ভবিষ্যতে কম্পিউটারের সামনে না বসেই অ্যান্ড্রয়েড ফোন থেকে এসব কাজ করার সুযোগ দিতে পারে মাইক্রোসফট। তবে পিসি স্লিপ মোডে চলে যাওয়ার পর ফোন থেকে সেটিকে আবার চালু করা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
নতুন সুবিধাগুলোর মধ্যে পিসি হালনাগাদ করার সুযোগটিই ব্যবহারকারীদের জন্য সবচেয়ে কার্যকর হতে পারে। কোডে ‘হালনাগাদ করে পুনরায় চালু’ এবং ‘হালনাগাদ করে বন্ধ’ দুই ধরনের নির্দেশনার ইঙ্গিত পাওয়া গেছে। ফলে কম্পিউটারে কাজ করার সময় হালনাগাদের বার্তা এলে তা পরে করার জন্য এড়িয়ে গেলেও ফোন থেকেই পরে হালনাগাদের প্রক্রিয়া শুরু করা সম্ভব হতে পারে। ধরা যাক, রাতে ঘুমাতে যাওয়ার আগে পিসিতে একটি সফটওয়্যার হালনাগাদ করার প্রয়োজন হলো। সে ক্ষেত্রে কম্পিউটারের সামনে বসে হালনাগাদ শেষ হওয়ার অপেক্ষা না করে ফোন থেকেই হালনাগাদের নির্দেশ দেওয়া যাবে। প্রয়োজন হলে হালনাগাদ শেষে পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার নির্দেশও দেওয়া সম্ভব হতে পারে।
তবে মাইক্রোসফট এখনো এসব সুবিধা চালুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বর্তমানে শুধু ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের কোডে নতুন সুবিধাগুলোর সম্ভাব্য উপস্থিতি পাওয়া গেছে। তাই মাইক্রোসফট শেষ পর্যন্ত এগুলো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করবে কি না, তা নিশ্চিত নয়। সুবিধাগুলো চালু হলেও কবে নাগাদ তা পাওয়া যাবে, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।
অ্যান্ড্রয়েড ফোনকে উইন্ডোজ পিসির সঙ্গে যুক্ত করার সুবিধা অবশ্য নতুন নয়। মাইক্রোসফটের ‘ফোন লিংক’ ও ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের মাধ্যমে বর্তমানে ফোন ও কম্পিউটারের মধ্যে বিভিন্ন কাজ করা যায়। ফোনের মডেল ও নির্মাতার ওপর নির্ভর করে এসব সুবিধায় কিছুটা পার্থক্যও রয়েছে।
মাইক্রোসফটের অ্যাপের বিকল্প হিসেবে অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ তৈরিতে ‘সেফিরাহ’ অ্যাপ ব্যবহার করা যায়। অ্যাপটি বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে এবং বিনা মূল্যে ব্যবহার করা যায়। নিয়মিত হালনাগাদের মাধ্যমে ফোন ও কম্পিউটারের মধ্যে বিভিন্ন কাজ সহজ করার সুবিধাও দিচ্ছে অ্যাপটি।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ