হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা আসছে
হোয়াটসঅ্যাপে ছবি এইচডি (হাই-ডেফিনেশন) মান বা ফরম্যাটে পাঠানো গেলেও ভিডিও পাঠানো যায় না। এর ফলে মাঝেমধ্যেই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে ভিডিও আদান-প্রদানের ক্ষেত্রেও ‘এইচডি কোয়ালিটি’ অপশন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের ড্রয়িং এডিটরে একটি নতুন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এ সুবিধায় ভিডিও আপলোড করতে গেলেই বক্সের ওপরের অংশে স্বয়ংক্রিয়ভাবে একটি এইচডি বাটন দেখা যাবে। বাটনটি নির্বাচন করলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি নামের আলাদা দুটি অপশন পাওয়া যাবে। এইচডি কোয়ালিটি নির্বাচন করলেই এইচডি মান বা ফরম্যাটে ভিডিও পাঠানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
সাধারণত হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠানোর সময় স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের ভিডিও অ্যাটাচমেন্ট যুক্ত হয়। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ফরম্যাটে ভিডিও পাঠানোর সুযোগ পাবেন। এইচডি ফরম্যাটে পাঠানো ভিডিওগুলোর আকার কিছুটা সংকুচিত করে পাঠানো হলেও সেগুলোর রেজল্যুশন হবে ৬০৮ বাই ১২৯৬। ফলে বর্তমানের তুলনায় ভালো মানের ভিডিও আদান-প্রদানের সুযোগ মিলবে হোয়াটসঅ্যাপে।
সূত্র: গ্যাজেটস নাউ