তেইশের শুরুতে টুইটারে আসছে পরিবর্তন
নতুন বছর ২০২৩ সালে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে আসছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে; অর্থাৎ ফোনের পর্দায় আঙুল ঘষেই টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ চালু করতে পারবেন।
এক টুইট বার্তায় মাস্ক জানান, এ বছরের জানুয়ারিতেই টুইটারের নতুন নেভিগেশন সাইড সোয়াইপ চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই সুপারিশ ও অনুসরণ করা টুইট, ট্রেন্ডস, টপিকস দেখতে পারবেন।
এখন টুইটারে ক্রমানুসার বিন্যস্ত নকশায় টুইট দেখতে পারেন ব্যবহারকারী। এ ছাড়া হোম টাইমলাইনে রিকমেন্ডেড (সুপারিশ করা) টুইট পড়া যায়। পাশাপাশি ভিউস, লাইকস, রিটুইটসের টেক্সটে পরিবর্তন করতে পারে টুইটার।
সম্প্রতি ভিউ কাউন্ট সুবিধা চালু করেছে টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। এ ছাড়া এখন টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
সূত্র: গ্যাজেটস ৩৬০