ডেটিং অ্যাপের বাজার এখন কেমন

ডেটিং অ্যাপের মধ্যে এখন টিন্ডার এগিয়েছবি: বিজনেস অব অ্যাপস ডটকম

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা খুঁজতে এখন অনেকেই অ্যাপ স্টোর বা প্লে স্টোর ডেটিং অ্যাপের শরণাপন্ন হন। ২০১৩ সালে টিন্ডার প্রথম রাইট সোয়াইপের পছন্দ আর লেফট সোয়াইপে অপছন্দ সিস্টেম চালু করে, তখন অনলাইন ডেটিং অ্যাপের জগৎ পুরোপুরি বদলে গিয়েছিল। হাজার হাজার প্রোফাইল ঘেঁটে জীবনসঙ্গী খোঁজার জটিল প্রক্রিয়াকে সরিয়ে দিয়ে কেবল কয়েকটি ছবির ভিত্তিতে পছন্দ–অপছন্দের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয় টিন্ডার। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত এক দশকে ডেটিং অ্যাপের ব্যবহারে এসেছে নাটকীয় পরিবর্তন।

২০২৬ সালের শুরুতে প্রকাশিত ডেটা বিশ্লেষণকারী ডেভিড কারি–র এক প্রতিবেদনে ডেটিং অ্যাপের আয়, ব্যবহারকারী ও বাজারের বর্তমান চিত্র উঠে এসেছে। ২০২৪ সালে বিশ্বব্যাপী ডেটিং অ্যাপের বাজার থেকে মোট রাজস্ব আয় হয়েছে ৬১৮ কোটি ডলার। এর মধ্যে ৩৫০ কোটি ডলারই আয় করেছে ম্যাচ গ্রুপ, যাদের মালিকানায় টিন্ডার, হিঞ্জ ও ওক–কিউপিডের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩৫ কোটি মানুষ ডেটিং অ্যাপ ব্যবহার করছেন, যার মধ্যে ২ দশমিক ৫ কোটি ব্যবহারকারী প্রিমিয়াম সংস্করণের জন্য অর্থ খরচ করেন।

যুক্তরাষ্ট্রের বাজারে শুরু থেকেই টিন্ডারের আধিপত্য থাকলেও ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় ‘বাডু’ দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে রয়েছে। বাডুর প্রতিষ্ঠাতা রুশ উদ্যোক্তা আন্দ্রে আন্দ্রেইভ ও টিন্ডারের সহপ্রতিষ্ঠাতা হুইটনি উলফ হার্ডের হাত ধরে ২০১৪ সালে যাত্রা শুরু করে আরেক অ্যাপ বাম্বল। বাম্বল নিজেকে নারীদের জন্য অ্যাপ হিসেবে তুলে ধরেছে। যেখানে কেবল নারীরাই প্রথম মেসেজ পাঠানোর সুযোগ পান। উত্তর আমেরিকায় টিন্ডারের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাম্বল। তবে বিশ্বব্যাপী ডাউনলোডের দিক থেকে এখনো টিন্ডার ১ নম্বরে রয়েছে।

টিন্ডারের জনপ্রিয়তার কারণে ক্ষণস্থায়ী সম্পর্কের সংস্কৃতি তৈরি হলেও সাম্প্রতিক বছরগুলোয় মানুষ আবার দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে ঝুঁকছে। এই পরিবর্তনকে পুঁজি করে ২০১৭ সালে হিঞ্জ তাদের প্ল্যাটফর্মের আমূল পরিবর্তন আনে। হিঞ্জের স্লোগানই এটি এমন একটি অ্যাপ, যা আপনার ফোন থেকে মুছে ফেলার জন্যই তৈরি করা হয়েছে। কারণ, এখানে আপনি দীর্ঘস্থায়ী সঙ্গী খুঁজে পাবেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ও তাঁর স্ত্রী রমা দুওয়াজি হিঞ্জ ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হয়েছিলেন। করোনা মহামারির সময়ে অ্যাপে তাঁদের পরিচয় হয়।

চীন ও দক্ষিণ–পূর্ব এশিয়ার উদীয়মান বাজারে দীর্ঘস্থায়ী সম্পর্কের অ্যাপের চেয়ে ক্যাজুয়াল ডেটিং অ্যাপের জনপ্রিয়তা অনেক বেশি। তবে উন্নত দেশগুলোয় ব্যবহারকারীরা এখন অ্যাপের অ্যালগরিদমের চেয়ে নিজেদের নিরাপত্তার ওপর বেশি জোর দিচ্ছেন। ২০২৫–২৬ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ডেটিং অ্যাপের বাজার কেবল রোমান্স নয়; বরং গেম ও কুইজের মতো সামাজিক ফিচারের দিকেও এগোচ্ছে। মানুষ এখন কেবল সঙ্গী খুঁজছে না; বরং ডিজিটাল কমিউনিটির অংশ হতে চাইছে।

সূত্র: বিজনেস অব অ্যাপস