চ্যাটজিপিটিতে নিরাপত্তাত্রুটি, আপনার তথ্য নিরাপদ আছে তো
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। আর তাই অনেকেই নিয়মিত চ্যাটবটটি ব্যবহার করেন। কিন্তু চ্যাটজিপিটির ‘কাস্টম জিপিটি’ সুবিধায় নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন ইয়োহান রেবার্গার নামের এক গবেষক। এই ত্রুটির কারণে চ্যাটজিপিটির ‘কাস্টম জিপিটি’ সুবিধা ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্ভব বলে দাবি করেছেন তিনি। নিরাপত্তাত্রুটির বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে চ্যাটজিপিটির নতুন হালনাগাদ এনেছে ওপেনএআই।
ইয়োহান রেবার্গার জানিয়েছেন, তিনি চ্যাটজিপিটির কাস্টম জিপিটি সুবিধা ব্যবহার করে গেমনির্ভর একটি চ্যাটবট তৈরি করেছেন। এই চ্যাটবটটিতে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর জানার পাশাপাশি একাধিক ব্যক্তি গেমও খেলতে পারেন। কিন্তু অন্য ব্যক্তিরা চ্যাটবটটিতে গেম খেলতে গেলেই তাদের ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য জানতে পারেন রেবার্গার। চ্যাটজিপিটির কারিগরি ত্রুটির কারণেই এমনটি ঘটছে। এই নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে চ্যাটজিপিটির অন্য ব্যবহারকারীদের তথ্যও সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।
চ্যাটজিপিটির নতুন হালনাগাদ আনা হলেও সন্তুষ্ট নন ইয়োহান রেবার্গার। তাঁর দাবি, চ্যাটজিপিটির নিরাপত্তাত্রুটি পুরোপুরি সমাধান করা হয়নি। তা ছাড়া চ্যাটজিপিটির নতুন হালনাগাদ শুধু কম্পিউটারে ব্যবহার করা যায়। এর ফলে চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহারকারীরা তথ্য ফাঁসের ঝুঁকিতে রয়েছেন। এ সমস্যা সমাধানে চ্যাটজিপিটি ব্যবহারের সময় ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য না দিতে সবাইকে সতর্ক করেছেন তিনি।
ব্যবহারকারীদের নিজের পছন্দমতো চ্যাটবট ব্যবহারের সুযোগ দিতে সম্প্রতি ‘কাস্টম জিপিটি’ সুবিধা চালু করে ওপেনএআই। এ সুবিধা কাজে লাগিয়ে কোনো প্রোগ্রাম বা কোড ছাড়াই নিজস্ব চ্যাটবট তৈরি করা সম্ভব।
সূত্র: ম্যাশেবল