আইওএসে নিরাপত্তা ত্রুটি, দ্রুত হালনাগাদের পরামর্শ অ্যাপলের
আইওএসে ভয়ংকর দুটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে অ্যাপল। শনাক্ত হওয়া একটি ত্রুটি হ্যাকাররা ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তড়িঘড়ি করে আইওএসের নতুন সংস্করণ ‘আইওএস ১৬.৩.১’ উন্মুক্ত করেছে অ্যাপল। হ্যাকারদের হামলা থেকে নিরাপদ থাকতে আইফোন ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের তথ্য মতে, আইওএসে থাকা ওয়েবকিটের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। এরই মধ্যে বেশ কিছু আইফোনে এমনটি করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আর তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অন্য আইফোন ব্যবহারকারীরা।
আইওএসে কত দিন ধরে এ নিরাপত্তা ত্রুটি ছিল তা জানায়নি অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্য মতে, আইফোন ৮ থেকে পরবর্তী মডেলগুলোতে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে।
সূত্র: ডেইলি মেইল