বাংলাদেশ নিয়ে টিকটকে ভাইরাল হওয়া অদ্ভুত গানের গল্প
টিকটকের পেজ দেখলেই ইদানীং একটি অদ্ভুত গান সবার কানে বাজছে। একটি গান নিয়ে কেউ নাচছেন, কেউ আবার ঠোঁট মেলাচ্ছেন। গানের মূল কথাটি হলো, ‘ইউ নেভার টেক মি টু বাংলাদেশ’। বাংলায় যার অর্থ, তুমি আমাকে কখনোই বাংলাদেশে নিয়ে যাও নাই। অদ্ভুত কথা আর মজার সুরের কারণে গানটি এখন নেট–দুনিয়ায় ব্যাপক ভাইরাল।
মাত্র ৪৯ সেকেন্ডের এই গানটির নাম ‘বাংলাদেশ’। এটি তৈরি করেছেন মার্কিন সংগীতশিল্পী ইয়ান ম্যাককনেল। গানটির মধ্যে রয়েছে ভিন্ন এক আবহ ও তীব্র রসিকতা। মূলত ভালোবাসার মানুষের কাছ থেকে পর্যাপ্ত সময় বা গুরুত্ব না পাওয়ার এক কাল্পনিক ও আজব অভিযোগ উঠে এসেছে এই গানে। গানটির লিরিকস বা কথাগুলো এতটাই অদ্ভুত ও সুনির্দিষ্ট যে শুনলেই হাসি পায়। বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়—‘তুমি আমাকে কখনোই বাংলাদেশে নিয়ে যাও নাই/ খোলা আগুনে আমার জন্য সসেজ রান্না করো নাই/ কখনো আমার গায়ে তেল মাখিয়ে দাও নাই/ আমার জন্য কোনো উপন্যাস লেখো নাই/ তুমি কখনো আমার শত্রুদের মোহিতো পানীয়তে বিষ মিশিয়ে দাও নাই।’
গানটি সাধারণ অবহেলায় হারিয়ে যেতে পারত, কিন্তু এর ভাগ্য বদলে যায় যখন টিকটক প্রডিউসার প্রডপডি গানটির একটি রিমিকস সংস্করণ তৈরি করে পোস্ট করেন। তাঁর তৈরি প্রথম রিমিকস ভিডিওটিই রাতারাতি আট লাখের বেশি ভিউ পায়। পরবর্তী সময় এই রিমিকস ব্যবহার করে তৈরি করা অন্য ভিডিওগুলো লাখ লাখ মানুষের দেয়ালে ঘুরতে শুরু করে। গানটির জনপ্রিয়তা সাধারণ টিকটকারদের গণ্ডি পেরিয়ে হলিউড ও পপ দুনিয়ার তারকাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বিখ্যাত পপ তারকা জারা লারসন ‘বাংলাদেশ’ রিমিকসের সঙ্গে নাচ দিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ২৫ লাখের বেশি মানুষ দেখেছেন। জনপ্রিয় গায়িকা লিজো এই গানটি মাথা থেকে বেরই করতে পারছেন না। তিনি নিজে এই ভাইরাল গানটি গেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন, যার ভিউ ছাড়িয়েছে সাড়ে ৬ লাখ। ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, ‘এই গানের কথাগুলো আমার হৃদয়ের খুব কাছাকাছি।’
বিশ্বখ্যাত তারকা এস জেড এ ইনস্টাগ্রামে এই গানের লিরিকস নিয়ে মন্তব্য করে লিখেছেন, ‘তুমি যদি আমার শত্রুদের ড্রিংকসে বিষ মিশিয়ে দিতে না পারো, তবে কি তুমি আমাকে আসলেই ভালোবাসো? না, বাসো না!’
খাপছাড়া, অথচ দারুণ উপভোগ্য লিরিকসের কারণে ‘বাংলাদেশ’ শিরোনামের এই গানটি এখন বিশ্বজুড়ে কোটি মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট