গণনাযন্ত্রের পেটেন্ট পেলেন হারম্যান হলেরিথ

পাঞ্চ কার্ড (ছিদ্রযুক্ত কাগজ) প্রযুক্তিভিত্তিক হলেরিথ টেবুলেটিং মেশিনের পেটেন্টস্বত্ব পেলেন হারম্যান হলেরিথ।

হলেরিথ টেবুলেটিং মেশিনেউইকিমিডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ জানুয়ারি ১৮৮৯
গণনাযন্ত্রের পেটেন্ট পেলেন হারম্যান হলেরিথ
পাঞ্চ কার্ড (ছিদ্রযুক্ত কাগজ) প্রযুক্তিভিত্তিক হলেরিথ টেবুলেটিং মেশিনের পেটেন্টস্বত্ব পেলেন হারম্যান হলেরিথ। ১৮৯০ সালে যুক্তরাষ্ট্রের জনশুমারিতে জনসংখ্যা গণনায় ভালো কাজ দেখায় এই যন্ত্র। পাঞ্চ কার্ডে নির্দিষ্ট ঘরে ছিদ্র করে করে জনশুমারির জন্য নাগরিকের তথ্য সন্নিবেশিত করতেন কর্মীরা। এরপর যন্ত্রে ঢোকানো হতো পাঞ্চ কার্ড। তড়িৎ ও যান্ত্রিক ব্যবস্থায় পাঞ্চ কার্ড থেকে গণনা সম্পন্ন করত হলেরিথ টেবুলেটিং মেশিন।

হলেরিথসের যন্ত্রে ব্যবহৃত পাঞ্চকার্ড
উইকিমিডিয়া

১৯২৪ সালে হলেরিথস টেবুলেটিং মেশিন কোম্পানি এবং আরও দুটি প্রতিষ্ঠান একীভূত হয়ে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) গঠিত হয়।

৮ জানুয়ারি ১৯৮৬
হ্যাকারদের ইশতেহার প্রকাশিত
অনলাইনভিত্তিক ফ্র্যাক সাময়িকীর প্রথম বর্ষ সংখ্যা ৭–এ হ্যাকারদের ঘোষণাপত্র বা ইশতেহার ‘দ্য হ্যাকার মেনিফেস্টো’ প্রকাশিত হয়। এটি কম্পিউটার নিরাপত্তা হ্যাকার লয়েড ব্ল্যাঙ্কেনশিপের লেখা একটি নিবন্ধ। ব্ল্যাঙ্কেনশিপ দ্য মেন্টর নামে হ্যাকারদের একটি দল চালাতেন এবং দ্বিতীয় প্রজন্মের হ্যাকারদের দল লিজিওন অব ডুমের একজন তিনি।

লয়েড ব্ল্যাঙ্কেনশিপ গ্রেপ্তার হওয়ার পর এই মেনিফেস্টো আন্ডারগ্রাউন্ড ই–ম্যাগাজিন (ইজিন) ফ্র্যাক–এ প্রথম প্রকাশিত হয়। পরে এটি অসংখ্য ওয়েবসাইট, এমনকি টি–শার্ট ও চলচ্চিত্রেও পাওয়া যায়। এই ইশতেহারে হ্যাকার সংস্কৃতির কিছু নীতির কথা বলা হয়। হ্যাকিং যাতে স্বার্থের জন্য কিংবা কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য ব্যবহৃত না হয়, এ ব্যাপারে ইশতেহারে জোর দেওয়া হয়। প্রযুক্তির দিগন্ত আরও প্রসারিত করতে এবং মুক্ত বিশ্ব গড়ে তুলতেই কাজ করবে হ্যাকার সম্প্রদায়।

২০১০ সালে মুক্তি পাওয়া দ্য সোশ্যাল নেটওয়ার্ক চলচ্চিত্রে দেখানো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মার্ক জাকারবার্গের কক্ষের দৃশ্যে হ্যাকার মেনিফেস্টোর পোস্টার দেখা যায়। কম্পিউটার গোয়েন্দা পরামর্শক এডওয়ার্ড স্নোডেনের আত্মজীবনীতে স্থায়ী নথি হিসেবে হ্যাকার মেনিফেস্টো স্থান পেয়েছে।