ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপে স্পাইওয়্যার রয়েছে, সতর্ক করল হোয়াটসঅ্যাপ
স্পাইওয়্যার বা আড়ি পাতার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি একটি নকল হোয়াটসঅ্যাপ অ্যাপের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের একটি নকল সংস্করণ তৈরি করেছে ইতালির স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসআইও। দেখতে মূল অ্যাপের মতো হলেও অ্যাপটির ভেতরে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের জন্য ক্ষতিকর কোড যুক্ত করা রয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ইতালির প্রায় ২০০ ব্যবহারকারী ভুয়া অ্যাপটি ব্যবহার করছিলেন। শনাক্ত হওয়ার পরপরই এসব ব্যবহারকারীকে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাদের ভুয়া অ্যাপটি দ্রুত মুছে ফেলে হোয়াটসঅ্যাপের আসল অ্যাপ পুনরায় ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের মুখপাত্র মার্গারিটা ফ্র্যাঙ্কলিন বলেন, ‘গোপনীয়তার স্বার্থে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হচ্ছে না। যাঁরা প্রতারণার শিকার হয়ে ভুয়া আইওএস অ্যাপটি ডাউনলোড করেছেন, তাঁদের সুরক্ষা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান অগ্রাধিকার। এ ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে একই ধরনের আরেকটি ভুয়া অ্যাপের ঘটনা শনাক্ত করেছিল হোয়াটসঅ্যাপ। সে সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলভিত্তিক নজরদারি প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যারাগন সলিউশনসের তৈরি স্পাইওয়্যারের লক্ষ্যবস্তু ছিলেন ব্যবহারকারীরা।
সূত্র: টেক ক্র্যান্চ