অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিতে নতুন প্রযুক্তি, যে সুবিধা পাওয়া যাবে
এ মাসের শুরুতে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘আইওএস ১৭’ নামের নতুন অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বাজারে আসতে যাওয়া অপারেটিং সিস্টেমটির দ্বিতীয় ডেভেলপার সংস্করণ সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে। সংস্করণটিতে নিজেদের ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’কে আরও শক্তিশালী করেছে অ্যাপল। নতুন এ সুবিধা চালু হলে বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে আইফোন ব্যবহার করা যাবে।
সিরিতে নতুন প্রযুক্তি চালুর হলে অ্যাপলের মেসেজিং অ্যাপের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি মেসেজিং অ্যাপেও স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো যাবে। অর্থাৎ বার্তা পাঠানোর সময় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা যেকোনো মেসেজিং অ্যাপের নাম উচ্চারণ করলে সেই অ্যাপে বার্তা পাঠাবে সিরি। বর্তমানে সিরির মাধ্যমে শুধু অ্যাপলের মেসেজিং অ্যাপে বার্তা পাঠানো যায়। ফলে নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা অ্যাপ চালু না করেই যেকোনো মেসেজিং অ্যাপে বার্তা পাঠাতে পারবেন।
জানা গেছে, আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর সময় অ্যাপের নাম জানার জন্য একটা বার্তা দেখাবে সিরি। অ্যাপের নাম নির্বাচন করে দিলেই অ্যাপটিতে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে বার্তা পাঠানোর আগে তথ্য সম্পাদনা করতে পারবেন। ফলে কাজে ব্যস্ত থাকলেও মুখের কথায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন মেসেজিং অ্যাপে বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান করা যাবে।
সূত্র: জেডডিনেট