স্যামসাং বানাচ্ছে এআর-ভিআর হেডসেট
এআর-ভিআর প্রযুক্তির সমন্বয়ে হেডসেট তৈরি করছে স্যামসাং। এ জন্য গুগল ও কোয়ালকমের সঙ্গে জোটও বেঁধেছে প্রতিষ্ঠানটি। হেডসেটটিতে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির ছবি দেখা যাবে। উল্লেখ্য, ২০১৫ সালেই ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তিনির্ভর গিয়ার ভিআর হেডসেট উন্মুক্ত করেছে স্যামসাং। এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রেসিডেন্ট টিএম রোহ জানিয়েছেন, নতুন এ উদ্যোগের আওতায় গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে। তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
এ বিষয়ে গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার জানিয়েছেন, এআর ও ভিআর প্রযুক্তিতে গুগল দীর্ঘদিন ধরেই বিনিয়োগ করছে। এ প্রযুক্তির অভিজ্ঞতা দেওয়ার জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। আর এ কারণেই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।
অ্যাপলও দীর্ঘদিন ধরে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে। দুটি ফোরকে প্রযুক্তির মাইক্রো ওএলইডি ডিসপ্লে সুবিধার হেডসেটটি ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে ভিডিও প্রদর্শন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ ও সিনেট