আইফোনে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত হালনাগাদের পরামর্শ অ্যাপলের
আইফোন ও আইপ্যাডে থাকা একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে অ্যাপল। এ পরিস্থিতিতে পুরোনো সফটওয়্যার ব্যবহারকারীদের দ্রুত নতুন নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে আইফোন ১১ ও পরবর্তী মডেলের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, আইওএসের ‘কোরগ্রাফিকস’ অংশে পাওয়া ত্রুটিটি কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি করা ফাইলের মাধ্যমে আইফোন বা আইপ্যাডে ক্ষতিকর কোড চালানো যায়। কোরগ্রাফিকস মূলত ডিভাইসে ছবি ও বিভিন্ন গ্রাফিক উপাদান প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়। আইওএস ২৭-এর আগের সংস্করণ ব্যবহারকারী নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে চালানো ‘অত্যন্ত জটিল’ হামলায় এই নিরাপত্তা ত্রুটি কাজে লাগানো হয়ে থাকতে পারে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
নিরাপত্তা হালনাগাদ ইনস্টলের আগে আইফোনের তথ্যের ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, আইক্লাউড বা কম্পিউটারে ব্যাকআপ রাখার পর ফোনটি চার্জে যুক্ত করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করতে হবে। এরপর হালনাগাদ ইনস্টলের জন্য আইফোনের ‘সেটিংস’ থেকে ‘জেনারেল’ অপশনে প্রবেশ করে ‘সফটওয়্যার আপডেট’ নির্বাচন করলে নতুন হালনাগাদ দেখা যাবে। সেখানে ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ অথবা ‘আপডেট নাও’ অপশনে ট্যাপ করলে হালনাগাদ ইনস্টল শুরু হবে। প্রয়োজনে এ সময় ফোনের পাসকোড দিতে হবে। চাইলে স্বয়ংক্রিয় হালনাগাদ সুবিধাও চালু রাখা যাবে।
যাঁরা নিজের সুবিধামতো সময়ে হালনাগাদ ইনস্টল করতে চান, তাঁরা ‘অটোমেটিক্যালি ইনস্টল’ বন্ধ রেখে শুধু ‘অটোমেটিক্যালি ডাউনলোড’ সুবিধা চালু রাখতে পারেন। এ ক্ষেত্রে ফোন লক থাকা, চার্জে যুক্ত থাকা এবং ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত অবস্থায় হালনাগাদ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। পরে ব্যবহারকারী নিজেই তা ইনস্টল করতে পারবেন।
আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের বিভিন্ন ত্রুটি সমাধানে আইওএস ২৭.০.১ প্রকাশও করেছে অ্যাপল। গত মাসে নতুন মডেল আইফোন দুটি বাজারে আসার পর ব্যবহারকারীদের কেউ কেউ অভিযোগ করেন, ফেস আইডি দিয়ে পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলে ফোন হঠাৎ পুনরায় চালু হয়ে যাচ্ছে। নতুন হালনাগাদে এই সমস্যার সমাধান করা হয়েছে। নতুন হালনাগাদে নোটিফিকেশন সেন্টার ও কন্ট্রোল সেন্টার একই সময়ে খোলার পর টাচস্ক্রিন অচল হয়ে যাওয়ার সমস্যারও সমাধান করা হয়েছে।
সূত্র: ডেইলি মেইল