আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ দলের সদস্যরাছবি: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য (আইজেএসও ২০২৬) বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ছয় সদস্যের এ দলের সঙ্গে আরও রয়েছেন একজন দলনেতা এবং দুজন উপদলনেতা। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রশিক্ষণ দেওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়েছ। যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)।

আইজেএসও দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহরা ইসলাম, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফান হায়দার, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক।

আইজেএসও দলের প্রধান দলনেতা হিসেবে রয়েছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়কারী ও সমিতির জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়কারী ফারজানা আক্তার।

বাংলাদেশ দলের ৬ শিক্ষার্থীকে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করতে ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাবে) শুরু হবে বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প।