স্মার্টফোনের চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েডের থেফট প্রটেকশন প্রযুক্তিতে নতুন সুবিধা
স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। ব্যবহারকারীদের এই দুশ্চিন্তা দূর করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর থেফট প্রটেকশন প্রযুক্তি হালনাগাদ করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, থেফট প্রটেকশন প্রযুক্তি হালনাগাদের ফলে চুরি বা হারিয়ে যাওয়া ফোন থেকে ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি আগের তুলনায় আরও কমবে।
গুগল জানিয়েছে, অ্যান্টি থেফট প্রযুক্তির নতুন হালনাগাদে ‘ফেইলড অথেনটিকেশন লক’ সুবিধার নিয়ন্ত্রণ আরও বাড়ানো হয়েছে। ফলে কেউ একাধিকবার ভুল পিন, প্যাটার্ন বা বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে আনলক করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে ফোনের পর্দা লক হয়ে যাবে। একই সঙ্গে ‘আইডেনটিটি চেক’ সুবিধার পরিধি বাড়ানোর ফলে কেউ সংবেদনশীল সেটিংস পরিবর্তন করতে গেলে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য যাচাই করা হবে।
অনাকাঙ্ক্ষিত লগআউটের ঝুঁকি কমাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নতুন হালনাগাদে। শুধু তা–ই নয়, রিমোট লক সুবিধায় নতুন নিরাপত্তাব্যবস্থা যুক্ত করায় গুগলের ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত হারানো বা চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন লক করা যাবে। ফলে ব্যবহারকারীরা রিমোট লকের মাধ্যমে দূর থেকেই ফোনে থাকা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
গুগলের তথ্যমতে, এসব সুবিধা অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের সংস্করণগুলোতে চলা সব ফোনে পর্যায়ক্রমে ব্যবহার করা যাবে। তবে অথেনটিকেশনভিত্তিক নিরাপত্তা সুবিধাগুলো শুধু অ্যান্ড্রয়েড ১৬ বা তার পরের সংস্করণগুলোতে চলা ফোনে ব্যবহারের সুযোগ মিলবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার