ই–মেইলের নিরাপত্তায় জিমব্রার ব্যবহার বাড়ছে

জিমব্রা প্ল্যাটফর্মের কারিগরি দিক নিয়ে বক্তব্য দিচ্ছেন কোলোসিটি লিমিটেডের প্রধান বিপণন ও বিক্রয় কর্মকর্তা মো. আল ফুয়াদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে।ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানের দৈনন্দিন যোগাযোগ, গুরুত্বপূর্ণ নথি আদান–প্রদান থেকে শুরু করে ব্যবসায়িক সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই ই–মেইলের ব্যবহার বাড়ছে। ই–মেইলের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ফিশিং, স্প্যাম, ম্যালওয়্যার, স্পুফিং, ডোমেইন প্রতারণা ও তথ্য চুরির মতো সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে দ্রুত। ফলে ই–মেইল ব্যবস্থাপনার জন্য নিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহারের পাশাপাশি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এন্টারপ্রাইজ ই–মেইল ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম ‘জিমব্রা’–এর ব্যবহার বাড়ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে কোলোসিটি লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে জিমব্রার ব্যবসায়িক সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান কোলোসিটি লিমিটেড।

অনুষ্ঠানে কোলোসিটি লিমিটেডের প্রধান বিপণন ও বিক্রয় কর্মকর্তা মো. আল ফুয়াদ বলেন, ‘ই–মেইল এখন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে এটি সাইবার হামলার প্রধান লক্ষ্যবস্তুও। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখাতে চেয়েছি, ভালো মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা স্তরও দরকার। জিমব্রা ও ব্যারাকুডা নেটওয়ার্কসকে একসঙ্গে এনে আমরা একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ই–মেইল পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ অংশ একত্রিত করেছি।’

অনুষ্ঠানে জানানো হয়, জিমব্রার মাধ্যমে কোনো কর্মী ই–মেইল পাঠালে সেটি ব্যারাকুডার নিরাপত্তা স্তরের মধ্য দিয়ে যায়। ফলে চাইলে প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ই–মেইলটি পাঠানোর আগে তথ্য যাচাইয়ের পাশাপাশি নিয়ন্ত্রণ করা সম্ভব। এর ফলে কোনো ই–মেইলে প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য বা গুরুত্বপূর্ণ নথি রয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায়। শুধু তা–ই নয়, সন্দেহজনক বা অননুমোদিত ই–মেইল শনাক্ত করে সেটি আটকে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য অনিচ্ছাকৃতভাবে বাইরে চলে যাওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

অনুষ্ঠানে আধুনিক ই–মেইল অবকাঠামো, ই–মেইলের নিরাপত্তা ও সুরক্ষা, পুরোনো ই–মেইল ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে আলোচনার পাশাপাশি জিমব্রা প্ল্যাটফর্ম পরিচালনার কারিগরি দিক নিয়েও আলোচনা করা হয়।