২০০৪ সালে এক দুর্ঘটনায় দুই হাত হারানো তরুণ বাহার উদ্দিনের জন্য আজ অন্য রকম একটি দিন। কারণ, তিনি কখনো কল্পনাই করেননি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে চাকরি পাবেন। শুধু তাই নয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ স্বয়ং তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কল্পনা না করলেও আনন্দের এ ঘটনা ঘটেছে বাহার উদ্দিনের জীবনে। আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের আওতায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (পিএমআইএস) কেন্দ্রে ‘প্রশিক্ষণ সমন্বয়ক’ পদে চাকরি পেয়েছেন তিনি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাহার উদ্দিনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
৪ মে প্রথম আলোতে ‘মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে লিখে স্নাতকোত্তর পাস করলেন বাহার উদ্দিন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রথম আলোর প্রতিবেদকের কাছ থেকে ফোন নম্বর সংগ্রহ করে সরাসরি বাহার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রস্তাব দেওয়া হয় আইসিটি বিভাগের পক্ষ থেকে।
অনুষ্ঠানে জুনাইদ আহ্মেদ বলেন, ‘ইচ্ছাশক্তি প্রবল থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বাহার উদ্দিন বাহার আমাদের সামনে দৃষ্টান্ত। দুই হাত নেই অথচ মুখে কলম আটকে খাতায় লিখে পরীক্ষা দিয়ে স্নাতকোত্তর পাস করেছে, অর্জন করেছে দক্ষতা। আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, সে স্মার্ট বাংলাদেশ হবে উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত, সাহসী, সংগ্রামী। কোনো বাধায় নিজেরা দুর্বল হবে না এবং শারীরিক কোনো বাধা তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।’
নিয়োগপত্র পাওয়ার পর বাহার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আসলে প্রথম আলোতে আমার কাহিনী তুলে ধরার পর আমার সঙ্গে যোগাযোগ করে আইসিটি বিভাগ। এর জন্য আমি প্রথম আলোসহ সকল সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই। আমি আসলে কখনো কল্পনাই করতে পারিনি একজন প্রতিমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পাব। আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের প্রশিক্ষণে সমন্বয় করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আজ সত্যিই আনন্দিত।’
সংবাদ প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগাযোগ করেছে উল্লেখ করে বাহার উদ্দিন জানান, যাঁরা যোগাযোগ করেছেন, তাঁদের ধারণা, হাত ছাড়া চাকরি করা সম্ভব নয়। ফলে চাকরিও দেননি তাঁরা। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের ব্যক্তিগত উদ্যোগে চাকরি পেয়ে কৃতজ্ঞতাও জানান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালের ৩০ অক্টোবর পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বিদ্যুতের খুঁটিতে বসানো ট্রান্সফরমারে ঢুকে পড়া ছোট পাখি দেখতে গিয়ে বৈদ্যুতিক তারে দুই হাত, বুকের কিছু অংশ ও পায়ের তলা ঝলসে যায় বাহার উদ্দিনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করার সময় তাঁর এক হাত ও আরেক হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। সেই থেকে তাঁর এক হাত নেই, আরেক হাত আছে কনুই পর্যন্ত। তবে মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে বাহার উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করেছেন। কম্পিউটারও ব্যবহার করতে পারেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক মুহম্মদ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।