গুগল ম্যাপসে ‘লেক অন্টারিও’ হয়ে গেল ‘লেক আমেরিকা’, কী কারণে
যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে থাকা ঐতিহাসিক অন্টারিও হ্রদের নাম হঠাৎ পরিবর্তন করে ‘লেক অন্টারিও’র বদলে ‘লেক আমেরিকা’ প্রদর্শন করছে গুগল ম্যাপস। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা নতুন এই নাম দেখতে পেলেও কানাডাসহ অন্যান্য দেশ থেকে লেক অন্টারিও নামের পাশে লেক আমেরিকা নাম দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের জারি করা এক নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে গুগল। এর আগে একই কারণে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করেছিল প্রতিষ্ঠানটি।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীদের অবস্থান অনুযায়ী একই ভৌগোলিক স্থানের নাম ভিন্নভাবে দেখানো হতে পারে। যুক্তরাষ্ট্রের সরকারি ভৌগোলিক নামের তথ্যভান্ডার জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমে (জিএনআইএস) ‘লেক অন্টারিও’র নাম আনুষ্ঠানিকভাবে ‘লেক আমেরিকা’ করা হয়েছে। সরকারি সূত্রে কোনো স্থানের নাম পরিবর্তন হলে সে অনুযায়ী গুগল ম্যাপেও নাম হালনাগাদ করা হয়। ফলে যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপ ব্যবহারকারীরা হ্রদটির নাম ‘লেক আমেরিকা’ দেখতে পাবেন। কানাডার ব্যবহারকারীদের জন্য নামটি ‘লেক অন্টারিও’ই থাকবে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে থাকা ব্যবহারকারীরা গুগল ম্যাপে একই সঙ্গে ‘লেক আমেরিকা’ ও ‘লেক অন্টারিও’ নাম দুটি দেখতে পাবেন। বিভিন্ন দেশে কোনো জলাশয়ের নাম ভিন্নভাবে ব্যবহৃত হলে ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী নাম প্রদর্শনের এই নীতি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুসরণ করছে। নতুন নামের পরিবর্তনটি এখন ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সরকারি নথি ও মানচিত্রে ‘লেক অন্টারিও’ নামটিই বহাল থাকবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও হ্রদটির ঐতিহাসিক নামের গুরুত্ব তুলে ধরে জানান, লেক অন্টারিও নামটি ৪০০ বছরের বেশি পুরোনো। কানাডা কনফেডারেশন গঠন ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণারও আগে এই নামের প্রচলন ছিল। ‘অন্টারিও’ নামটি ওয়েনডাট জনগোষ্ঠীর ব্যবহৃত ‘অন্টারি’ও’ শব্দ থেকে এসেছে। এর অর্থ ‘হ্রদটি সুন্দর, হ্রদটি বড়’।
এদিকে গুগলের প্রতিদ্বন্দ্বী মানচিত্র সেবা ম্যাপকোয়েস্ট নতুন নামটি গ্রহণ করবে না বলে জানিয়েছে। ব্যবহারকারীদের নিজেদের পছন্দমতো হ্রদটির নাম দেওয়ার সুযোগ করে দিতে একটি ইন্টারঅ্যাকটিভ নাম তৈরির সুবিধা চালু করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল ম্যাপসে এখনো ‘লেক আমেরিকা’ নামটি যুক্ত করা হয়নি। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তনের সময় গুগলের সিদ্ধান্ত অনুসরণ করে দুই দিনের মধ্যে ‘গালফ অব আমেরিকা’ নামটি নিজেদের মানচিত্রে যুক্ত করেছিল অ্যাপল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া