ইউটিউবে পছন্দের ভিডিওর তালিকাও তৈরি করা যাবে
ইউটিউবে একটি ভিডিও দেখা শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে অন্য ভিডিও চালু হয়। ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করেই মূলত স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকে ইউটিউব। কিন্তু অনেক সময় ইউটিউবের অ্যালগরিদমের নির্বাচন করা ভিডিওগুলো পছন্দ হয় না অনেকের। এ সমস্যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ‘অ্যাড টু কিউ’ সুবিধা চালু করেছে ইউটিউব।
এ সুবিধা কাজে লাগিয়ে ইউটিউবে সহজেই নিজেদের পছন্দের ভিডিওগুলোর তালিকা তৈরি করা যাবে। তালিকায় থাকা ভিডিওগুলো একটির পর একটি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাওয়ায় বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ মিলবে। প্রাথমিকভাবে ইউটিউব প্রিমিয়াম সেবায় ‘অ্যাড টু কিউ’ সুবিধা ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এ সুবিধা ব্যবহারের জন্য পছন্দের ভিডিওর থাম্বনেইলে থাকা তিনটি ডট মেন্যুতে ক্লিক করতে হবে। নির্বাচিত ভিডিওগুলোর তালিকা ‘ড্রাগ’ এবং ‘ড্রপ’ অপশনের মাধ্যমে পরিবর্তন করা যাবে।
প্লে লিস্ট তৈরির পর ভিডিওগুলোর তালিকা দেখানোর জন্য ইউটিউবের পর্দার নিচে ছোট একটি প্লেয়ার চালু হবে। ফলে পরবর্তী কোন ভিডিও চালু হবে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। যেকোনো সময় তালিকায় নতুন ভিডিও যুক্ত করার পাশাপাশি পুরোনো ভিডিও বাদ দেওয়া যাবে।
সূত্র: এনডিটিভি