স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করতে পারে মেটা
নিজেদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন) প্রযুক্তি যুক্ত করতে পারে মেটা। স্মার্ট চশমায় ‘নেম ট্যাগ’ নামের নতুন সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে মেটা। চেহারা শনাক্তকরণের প্রযুক্তি যুক্ত হলে সামনে থাকা ব্যক্তিদের নাম ও পরিচয় অনলাইন তথ্যভান্ডার থেকে শনাক্ত করে ব্যবহারকারীদের জানাতে পারবে স্মার্ট চশমাটি। ফলে ভিড়ের মধ্যেই নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই এ প্রযুক্তি যুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারকারীদের পাশাপাশি সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। আর তাই ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা–সংক্রান্ত ঝুঁকির কারণে এটি কীভাবে উন্মুক্ত করা হবে, তা নিয়ে গত বছর থেকে আলোচনা করছে মেটা। ফলে স্মার্ট চশমায় মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর মাধ্যমে তথ্য জানাতে সক্ষম এ প্রযুক্তি যুক্তের বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেনি প্রতিষ্ঠানটি।
মেটার অভ্যন্তরীণ নথি অনুযায়ী, শুরুতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত একটি সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘নেম ট্যাগ’–সুবিধা উন্মুক্তের পর সেটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালুর কথা ভাবা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে উদ্যোগ সফল হয়নি।
এর আগে ২০২১ সালে রেব্যান স্মার্ট চশমার প্রথম সংস্করণে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যুক্তের উদ্যোগ নিয়েছিল মেটা। তবে প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে তখন সে পরিকল্পনা থেকে সরে আসে প্রতিষ্ঠানটি।
মেটার স্মার্ট চশমা দিয়ে ব্যবহারকারীরা ছবি তুলতে, গান শুনতে ও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান–প্রদান করতে পারেন। সম্প্রতি বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠতা বাড়ার পরিপ্রেক্ষিতে নিজেদের স্মার্ট চশমায় আবারও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যুক্তের উদ্যোগ নিয়েছে মেটা।
সূত্র: টেক ক্রাঞ্চ