ঈদের বাজারে ২০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে ঈদের বাজার। পোশাক কেনার পাশাপাশি কেনাকাটার তালিকায় স্মার্টফোনও রয়েছে অনেকের। আর তাই প্রয়োজন বা স্টাইল বুঝে ফোন কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। ঈদের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালোমানের ফোন পাওয়া যাচ্ছে। প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারির ওপর ভিত্তি করে ২০ হাজার টাকার মধ্যে ভালো মানের ১০ ফোনের খোঁজ জেনে নেওয়া যাক।
১. সিম্ফোনি ইনোভা ৪০
তুলনামূলক কম বাজেটে যাঁরা বেশি মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ফোন খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে সিম্ফনি ইনোভা ৪০। ৬.৭৫ ইঞ্চি পর্দার এইচডি প্লাস ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ইউনিসক টি৬১৫ (টি৭২৫০) প্রসেসরে চলা ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
২. অনার প্লে ১০
অনার প্লে ১০ ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট বা পানি প্রতিরোধী স্মার্টফোন হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটিতে মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটির দাম ১১ হাজার ৯৯৯ টাকা।
৩. ইনফিনিক্স স্মার্ট ২০
ইনফিনিক্স স্মার্ট ২০ মডেলের ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট–সুবিধার ৬.৭৮ ইঞ্চির পর্দা রয়েছে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও প্রসেসর থাকায় সহজেই উন্নত রেজোল্যুশনের ভিডিও বা গেম খেলার পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কাজ সহজে করা যায়। ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ১৫ ওয়াটের চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটির সামনে–পেছনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। দাম ১২ হাজার ৭৫০ টাকা।
৪. টেকনো স্পার্ক গো ৩
টেকনো স্পার্ক গো ৩ ফোনটির প্রধান আকর্ষণ হলো ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস পর্দা, যা সাধারণত কম দামের ফোনে তেমন দেখা যায় না। ইউনিসক প্রসেসরে চলা ফোনটির সামনে–পেছনে ফ্ল্যাশযুক্ত ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। ১২ হাজার ৭৯০ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।
৫. ভিভো ওয়াই০৫
যাঁরা কম বাজেটের মধ্যে শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন খুঁজছেন, তাঁদের জন্য ভিভো ওয়াই০৫ মডেলটি বেশ কার্যকর। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি। ৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় ভালোমানের ছবি ও ভিডিও দেখা যায়। ইউনিসক প্রসেসরে চলা ফোনটি আইপি৬৫ প্রযুক্তি সমর্থন করে। ফলে পানির ঝাপটা থেকে নিরাপদ থাকে। দাম ১৩ হাজার ৭৫০ টাকা।
৬. অপো এ৬এক্স
অপোর এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ফোনটিতে ৬.৭৫ ইঞ্চি পর্দা রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং উজ্জ্বলতা ১০০০ নিটস। ফলে রোদের মধ্যেও পর্দায় থাকা বিভিন্ন তথ্য পরিষ্কার দেখা যায়। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম ১৪ হাজার ৪৯০ টাকা।
৭. রিয়েলমি সি৭১
রিয়েলমি সি৭১ মডেলের ফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ইউনিসক প্রসেসরে চলা ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসুবিধার ৬.৬৭ ইঞ্চি পর্দা রয়েছে। ফোনটির সামনে–পেছনে যথাক্রমে ৫ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি এবং ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা।
৮. ওয়ালটন নেক্সজি এন৯
ওয়ালটন নেক্সজি এন৯ মডেলের ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং মালি জি৫২ জিপিইউ রয়েছে, ফলে উন্নত রেজোল্যুশনের গেম খেলার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস পর্দার ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ। সামনে–পেছনে যথাক্রমে ৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটিতে। দাম ১৭ হাজার ৪৫৯ টাকা।
৯. স্যামসাং গ্যালাক্সি এ০৬
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটিতে রয়েছে হেলিও জি৮৫চিপসেট ও ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস পিএলএস এলসিডি পর্দা। ফোনটির পেছনে থাকা ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে চমৎকার ভিডিও ও ছবি তোলা সম্ভব। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ১৮ হাজার ১৯৯ টাকায় কেনা যাবে ফোনটি।
১০. স্যামসাং গ্যালাক্সি এ০৭
স্যামসাং গ্যালাক্সি এ০৭ মডেলের ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ও ৬ গিগাবাইট র্যাম রয়েছে, ফলে উন্নত রেজোল্যুশনের গেম খেলার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ফোনটিতে থাকা ৬.৭ ইঞ্চি পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারে ব্যাটারি রয়েছে। আইপি ৫৪ রেটিং থাকায় ধুলো ও পানির ছিটেফোঁটা থেকে নিরাপদ থাকে ফোনটি। দাম ১৯ হাজার ৪৯৯ টাকা।