পড়ে গেলে ভাঙে না, ধুলাও জমে না এই স্মার্টফোনে
অসতর্কতার কারণে হাত থেকে পড়ে গেলে ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। এর ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সুবিধার নতুন স্মার্টফোন বাজারে এনেছে ইনফিনিক্স বাংলাদেশ। ‘হট ৭০ প্রো ফাইভজি’ মডেলের ফোনটি প্রায় ৫ ফুট ওপর থেকে পড়ে গেলেও ভাঙে না, পানিতে নষ্ট না হওয়ার পাশাপাশি ধুলাও জমে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে চলা ৬ দশমিক ৭৬ ইঞ্চি পর্দার ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি স্বচ্ছন্দে গেম খেলা যায়। শুধু তা–ই নয়, ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ হওয়ায় উচ্চ রেজোল্যুশনের গেম ফোনটিতে ভালোভাবে খেলা যায়। ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তিও রয়েছে ফোনটিতে। ফলে একসঙ্গে একাধিক কাজ করলে বা দীর্ঘ সময় টানা গেম খেললেও ফোনটি গরম হয় না।
ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস ক্যামেরাসহ সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। উন্নতমানের ক্যামেরার পাশাপাশি লাইভ ফটো ফিচার থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায় ফোনটিতে।
এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট, এআই থিম জেনারেটরসহ বিভিন্ন এআই প্রযুক্তিসুবিধার ফোনটির দাম ধরা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।