এবারে ঈদে এসির চাহিদা বেশি, ফ্রিজ টিভি বিক্রিও ভালো
ঈদের কেনাকাটায় ভিন্নতা এসেছে অনেক দিন ধরেই। ঈদে নতুন পোশাক কেনাকাটার পাশাপাশি ঘর-গেরস্থালির কাজে লাগে, এমন যন্ত্র, অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্স কেনার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সেই চিত্রও। রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, বাংলামোটর, রামপুরা, মিরপুর ঘুরে দেখা গেছে পোশাকের দোকানের পাশাপাশি ইলেকট্রনিকস দোকানগুলোতে রয়েছে ভিড়। স্টেডিয়াম মার্কেটে কথা হয় ব্যাংকার মাসুদ আলমের সঙ্গে, ‘ঈদের সময় বেতন–বোনাস পাওয়ার কারণে হাতে কিছুটা বাড়তি টাকা থাকে। আর এবার বৈশাখী বোনাস পাওয়ার কারণে তার পরিমাণ আরও একটু বেড়েছে। তাই নতুন ইলেকট্রনিকস পণ্য কিনতে এসেছি।’ মাসুদ আলম একাই নন, পরিবার নিয়ে অনেকেই এসেছেন প্রয়োজনীয় পণ্যটি কিনতে।
এসির চাহিদা এবার বেশি
সারা দেশে চলছে তীব্র দাবদাহ। আবহাওয়া অধিদপ্তরের মতে, দেশে তীব্র তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর ঢাকায় ১৯৬৫ সালের পর সবচেয়ে বেশি গরম পড়েছে এবার। তপ্ত আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অসহনীয় অবস্থা থেকে মুক্তি দিয়ে শান্তির সুবাতাস দিতে পারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার (এসি)। দোকানগুলোতেও ভিড় বাড়ছে ক্রেতাদের।
অনেকেই ভাবছেন নতুন এসি কেনার। ওয়ালটনের ব্র্যান্ড ম্যানেজার (এয়ারকন্ডিশন) খলিলুর রহমান জানান, ঈদের সময় এমনিতেই প্রযুক্তির পণ্যের চাহিদা বাড়ে। এবার তীব্র তাপপ্রবাহের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে এসির চাহিদা বেড়েছে কয়েক গুণ। পরিবার নিয়ে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে এসি কিনতে এসেছেন বাসাবোর বাসিন্দা রুম্মান আহমেদ। তিনি বলেন, এসি এখন আর কোনো বিলাসী পণ্য নয়। এসি এখন দরকারি। এ সময় নতুন এসি কেনায় ঈদের আনন্দ বেড়ে যাবে বহুগুণে।’
বাজারে বেশ কয়েক ধরনের এসি পাওয়া যায়। এর মধ্যে ইনভার্টার, নন-ইনভার্টার, সিলিং ও ক্যাসেট এসি অন্যতম। ইনভার্টার ও নন-ইনভার্টার এসি হয় এক, দেড় ও দুই টনের। আর ক্যাসেট এসি তিন টন এবং সিলিং এসি চার টনের। ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে, কমপ্রেসর মোটরটি প্রয়োজনমতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে, যা ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করেই মোটরের গতি কমিয়ে দেয়। এ কারণে বিদ্যুৎ খরচ কম হয়। এ ছাড়া আরও সুবিধার মধ্যে রয়েছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে স্মার্টফোন দিয়ে এসি নিয়ন্ত্রণ করা যায়।
এসি কেনার আগে জেনে নিন
মডেল নম্বরের সঙ্গে এসির বর্ণনার মিল দেখে এসি কিনবেন। গুগলে খুঁজলে আপনি নির্দিষ্ট ওই পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আকর্ষণীয় সুযোগ বা অফার দেখে এসি কেনা উচিত নয়। দাম ও এসির যন্ত্রাংশের বর্ণনা বা কনফিগারেশন যাচাই-বাছাই করে এসি কেনার সিদ্ধান্ত নিন। সাধারণত এসিতে তিন ধরনের ওয়ারেন্টি থাকে। মূল যন্ত্র, কনডেনসার ও কমপ্রেসরে। এসব বিষয় ভালোভাবে দেখে কেনাই উচিত। না হলে পরে বিক্রয়োত্তর সেবা ঝামেলা পোহাতে হবে। এসির সার্ভিসিংয়ের খরচটা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ। এসির সেবাজনিত মূল্য কত কিংবা সার্ভিসিং সহজলভ্য কম না, সেটাও জেনে নিতে হবে।
সবার জন্যই এসি
যাঁদের এককালীন এসি কেনা কষ্টসাধ্য, তাঁদের জন্য রয়েছে কিস্তি বা ইএমআই সুবিধা। এসির বিক্রেতা ও পরিবেশকেরা কিস্তিতে কেনার সুযোগ দিচ্ছেন। সঙ্গে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসে মাসে কিস্তিতে টাকা দেওয়ার সুবিধা তো আছেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও এসি কিনতে দিচ্ছে ঋণ। এসির বাজার থেকে প্রাপ্ত তথ্যমতে, ক্রেডিট কার্ড দিয়ে ওয়ার্লপুল, ট্রান্সটেক, ওয়ালটন, এলজি বাটারফ্লাই, সিঙ্গার, গ্রি, জেনারেল, মিডিয়া, হায়ার, স্যামসাং, যমুনা, ভিশন, মিনিস্টার, ডাইকিন, ট্রান্সটেকসহ বিভিন্ন ব্র্যান্ডের এসি কেনা যাচ্ছে। এ জন্য ১২ মাস পর্যন্ত কোনো সুদ গুনতে হচ্ছে না। তবে সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই সুবিধাও রয়েছে।
এসি ব্যবহারে সতর্কতা
এসির কনডেনসারে ময়লা জমলে কমপ্রেসরে উচ্চ তাপ ও উচ্চ চাপ তৈরি হয়। তাই মাঝেমধ্যে কনডেসার পরীক্ষা করা উচিত। এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে উচ্চ চাপ সৃষ্টি হয়ে কমপ্রেসর বিস্ফোরিত হতে পারে। তাই পাইপে কোনো সমস্যা আছে কি না, সেটা খেয়াল করুন। যে তার দিয়ে এসি বিদ্যুতের মূল সংযোগে যুক্ত হবে, সেই তারটি ভালো মানের হতে হবে। সঠিক পাওয়ার কেব্ল ব্যবহার না করলে এসিতে সমস্যা হতে পারে।
কমপ্রেসরের ক্ষমতার চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে এবং সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে উচ্চ চাপ তৈরি হয়। কমপ্রেসরে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট আছে কি না, তা অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করা এবং মাত্রার চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ না করা এবং সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করা উচিত। বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি, কমপ্রেসর এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করতে হবে। দীর্ঘদিন বন্ধ রাখার পর এসি চালু করার আগে একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি পরীক্ষা করে নিতে হবে।
ঈদে চাই নতুন ফ্রিজ
এখন ঈদে নতুন রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনাটাও আনন্দের। তবে আনন্দের পাশাপাশি ফ্রিজ এখন প্রয়োজনীয়। জীবনযাপনের আধুনিক ধারায় ফ্রিজের ব্যবহার বেড়েছে অনেক। ঈদুল ফিতর সামনে রেখে অনেকের পরিকল্পনা থাকে নতুন ফ্রিজ কেনার। রাজধানীর বনশ্রীতে তামান্না ইলেকট্রনিক শপের স্বত্বাধিকারী মো. শাহীন আলম জানান, ‘ঈদের সময় ফ্রিজের বিক্রি বেড়েছে। মাঝারি আকারের ফ্রিজ বেশি চলছে এবার।’ শাহীন আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ প্রযুক্তির সুবিধা আছে, এমন ফ্রিজ মানুষ বেশি কিনছে। ফ্রিজের কমপ্রেসর বেশি দেখছেন ক্রেতারা। তিনি বলেন, ‘যে ফ্রিজের কমপ্রেসর যত ভালো, সে ফ্রিজ তত ভালো। ফ্রিজের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রযুক্তি হচ্ছে ইনভার্টার। ইনভার্টার থাকার কারণে ফ্রিজ বিদ্যুৎসাশ্রয়ী হয়। ফলে বিদ্যুৎ বিল কম আসে। স্মার্ট কন্ট্রোলিং আইওটি প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে আসতে যাচ্ছে অনেক কোম্পানি, যেটি যুক্ত থাকবে ইন্টারনেটে।’
নতুন টিভির চাহিদাও কম নয়
এবারের ঈদবাজারে টেলিভিশনের চাহিদাও অনেক। ক্রেতাদের কাছে এখন স্মার্ট টিভির চাহিদাই বেশি। ক্রেতারা চান সর্বশেষ প্রযুক্তির সুবিধাটি থাকুক তাঁর টিভিতে। বাজার ঘুরে দেখে গেছে, স্মার্ট টিভিতে প্রযুক্তির নানা সুবিধা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড সার্পোট করে, এমন টিভির চাহিদাও রয়েছে। টিভি কেনার সময় ক্রেতারা ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টার নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন। কেনার সময় ক্রেতারা এসব বিষয়েও গুরুত্ব দিচ্ছেন।
বাজারে ঘুরে দেখা গেছে, ক্রেতারা মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, অ্যানার্জি লাইট, চার্জার লাইট সিলিং ফ্যান, স্ট্যাবিলাইজার, ব্লেন্ডার মেশিন, স্পিকার, ইস্তিরি, পানির ফিল্টার, সিডি/ডিভিডি প্লেয়ার, আইপিএস ও ইউপিএস কেনেন ঈদের আগে।