ঈদের কেনাকাটায় হেডফোন
ঈদের কেনাকাটায় স্মার্টফোনের পাশাপাশি হেডফোন কিনছেন অনেকেই। হেডফোনে গেমারদের জন্য নিখুঁত শব্দ শোনা যেমন জরুরি, পেশাজীবীদের জন্য তেমনি প্রয়োজন নয়েজ ক্যানসেলেশন সুবিধা। দেশের বাজারে জনপ্রিয় বেশ কয়েকটি মডেলের হেডফোনের বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. হ্যাভিট এইচভি-এইচ১০০ডি
হ্যাভিটের এ মডেলটি মূলত এর বহনযোগ্যতা বা পোর্টেবিলিটির জন্য পরিচিত। এটি একটি ফোল্ডিং বা ভাঁজযোগ্য হেডফোন, যা সহজেই ব্যাগে নিয়ে যাতায়াত করা যায়। এর ৪০ মিমি স্পিকার ড্রাইভার এবং আরামদায়ক ইয়ারপ্যাড গান শোনার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করে তোলে। যাতায়াতের সময় বা স্মার্টফোনে যাঁরা গান শুনতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি সাশ্রয়ী সমাধান। দাম ৮৪৯ টাকা।
২. মাইক্রোল্যাব কে২৫০
মাইক্রোল্যাবের এ হেডফোনটি মিউজিক প্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে থাকা নিওডিয়ামিয়াম ম্যাগনেট ড্রাইভার উন্নত মানের স্টেরিও সাউন্ড নিশ্চিত করে। হেডফোনটি ওজনে হালকা এবং এর ওমনিডাইরেকশনাল মাইক্রোফোনটি সব দিক থেকে পরিষ্কার শব্দ গ্রহণ করতে পারে। দাম ৯৭৫ টাকা।
৩. লজিটেক এইচ১১১ স্টেরিও
লজিটেকের এ হেডফোনটি পেশাজীবী এবং অনলাইন ক্লাস করা শিক্ষার্থীদের জন্য বেশ উপযোগী। ওজনে হালকা হওয়ায় হেডফোনটি দীর্ঘ সময় ব্যবহার করলেও অস্বস্তি হয় না। ৫.৯ ফুট লম্বা তারযুক্ত হেডফোনটিতে নয়েজ-ক্যানসেলিং সুবিধার মাইক্রোফোন থাকায় সহজেই কথা বলা যায়। দাম এক হাজার টাকা
৪. এক্সট্রাইক মি এইচপি-৩১৮
গেমারদের জন্য এক্সট্রাইক মির হেডফোনটি বেশ কার্যকর। এতে থাকা ৫০ মিমি স্পিকার ড্রাইভার গেমিংয়ের সময় ভারী বেজ এবং স্পষ্ট শব্দ নিশ্চিত করে। ৩.৫ মিমি জ্যাকের পাশাপাশি লাইটিংয়ের জন্য হেডফোনটিতে ইউএসবি কানেকটিভিটি সুবিধাও রয়েছে। দাম ১ হাজার ৫০ টাকা।
৫. হোকো ডব্লিউ৬৬
হোকো ডব্লিউ৬৬ মডেলের হেডফোনটিতে ব্লুটুথ ৫ দশমিক ৪ প্রযুক্তি থাকায় দ্রুত সংযোগ দেওয়া যায়। এতে রয়েছে ৪০ মিমি ডায়নামিক ড্রাইভার এবং ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম দিতে পারে। আইপিএক্স ৪ রেটিং থাকায় এটি হালকা ঘাম ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষিত। টাইপ-সি চার্জিং এবং বিল্ট-ইন মাইক্রোফোনযুক্ত হেডফোনটির দাম ১ হাজার ২৫০ টাকা।
৬. হ্যাভিট এইচ৬২৮বিটি
যাঁরা স্বল্প মূল্যে হালকা এবং পোর্টেবল ব্লুটুথ হেডফোন খুঁজছেন, তাঁদের জন্য হ্যাভিট এইচ৬২৮বিটি একটি ভালো অপশন। হেডফোনটিতে ব্লুটুথ ৫.১ প্রযুক্তির পাশাপাশি ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় প্রায় ৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ সুবিধা থাকায় ঘরের যেকোনো স্থানে ফোন রেখে গান শোনা সম্ভব। দাম ১ হাজার ৩০০ টাকা।
৭. ওনিকুমা এক্স১২
ওনিকুমা এক্স-১২ মডেলের হেডফোনটিতে ডায়নামিক আরজিবি লাইটিং এবং অ্যাডজাস্টেবল হেড বিম রয়েছে। এর পাশাপাশি ৪০ মিলিমিটারের স্পিকার ড্রাইভারে ওমনিডাইরেকশনাল সাউন্ড পিকআপ সুবিধা থাকায় এটি গেমিং ও সাধারণ কথা বলার জন্য বেশ কার্যকর। ৩.৫ মিলিমিটার তার এবং ইউএসবি উভয় ধরনের সংযোগ সুবিধার হেডফোনটির দাম ১ হাজার ৯৯৯ টাকা।
৮. হোকো ডব্লিউ৩৫
হোকো ডব্লিউ৩৫ মডেলের হেডফোনটিতে রয়েছে ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা এএনসি মোড চালু থাকা অবস্থায়ও ৪৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। ব্লুটুথ ৫.৩ প্রযুক্তির পাশাপাশি এতে এউএক্স কেব্ল এবং টিএফ কার্ড (মেমোরি কার্ড) ব্যবহারের সুবিধাও রয়েছে। দাম ১ হাজার ৯০০ টাকা।
৯. র্যাপো ভিএইচ১৬০
ভার্চ্যুয়াল ৭.১ চ্যানেল স্টেরিও সাউন্ডের জন্য এ হেডফোনটি চমৎকার। এর বিশেষত্ব হলো ইলেকট্রনিক নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন, যা কথা বলার সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়। আরজিবি ব্রিদিং ব্যাকলিটযুক্ত হেডফোনটির দাম ২ হাজার ১৫০ টাকা।
১০. ফ্যানটেক কার্বন ৭.১
ফ্যানটেক কার্বন এইচজি-৩০ মূলত এর ভার্চ্যুয়াল ৭.১ সারাউন্ড সাউন্ডের জন্য পরিচিত, যা গেমে শত্রুর অবস্থান বুঝতে সাহায্য করে। এতে রয়েছে ৪০ মিমি ড্রাইভার এবং ওমনিডাইরেকশনাল মাইক্রোফোন। ইউএসবি-এ কানেকটিভিটি সম্পন্ন এ হেডফোনটি পিসি গেমিংয়ের জন্য উপযুক্ত। যাঁরা বাজেটের মধ্যে প্রফেশনাল গ্রেড গেমিং হেডফোন খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি ভারসাম্যপূর্ণ ডিভাইস। দাম ৩ হাজার ৮৯৯ টাকা।
১১. রেজার ব্ল্যাকশার্ক ভি২
ই-স্পোর্টস গেমারদের জন্য বিশেষভাবে তৈরি এ হেডফোনটিতে রয়েছে রেজার ট্রাইফোর্স ৫০ মিমি ড্রাইভার। এর হাইপারক্লিয়ার কার্ডিওড মাইক্রোফোনটি অপ্রয়োজনীয় শব্দ ছাড়াই কথা আদান-প্রদান নিশ্চিত করে। অ্যাডভান্সড প্যাসিভ নয়েজ ক্যানসেলেশন এবং ৭.১ সারাউন্ড সাউন্ড প্রযুক্তি গেমিংয়ের সময় আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা। যারা প্রতিযোগিতামূলক গেমিংয়ে পিন-পয়েন্ট অডিও বা স্পষ্ট শব্দ খুঁজছেন, তাঁদের জন্য এটি সেরা। দাম ৫ হাজার ৯০০ টাকা।
১২. করসায়ার এইচএস-৮০
কর্ডলেস বা তারবিহীন হেডফোনের মধ্যে করসেয়ার এইচএস-৮০ বর্তমানে গেমারদের শীর্ষ পছন্দ। এর ২০ হার্টজ থেকে ৪০ কিলোহার্টজ পর্যন্ত বিস্তৃত ফ্রিকোয়েন্সি রেসপন্স অত্যন্ত সূক্ষ্ম শব্দও কানে পৌঁছে দেয়। এক চার্জে এটি ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে এবং এর ওয়্যারলেস রেঞ্জ ৬০ ফুট পর্যন্ত বিস্তৃত। ওমনিডাইরেকশনাল মাইক্রোফোনটি আপনার কণ্ঠস্বর স্পষ্ট রাখে। যাঁরা তারের ঝামেলা ছাড়াই ফ্ল্যাগশিপ অডিও অভিজ্ঞতা চান, তাঁরা এটি কিনতে পারেন। দাম ৮ হাজার ৭৯৯ টাকা।