ভিজলেও নষ্ট হয় না এই ফোন

স্পার্ক গো ওয়ানটেকনো

বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে টেকনো। স্পার্ক গো ওয়ান মডেলের ফোনটি পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না। শুধু তা-ই নয়, ধুলাও জমে না ফোনটিতে। দুটি সংস্করণে বাজারে আসা ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট। ফোনটির দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি পর্দার ফোনটিতে অক্টাকোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক সুবিধা থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ৫ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা যায় ফোনটি।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। এ ছাড়া আইআর রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় ফোনটির মাধ্যমে টেলিভিশন, এসিসহ বিভিন্ন স্মার্টযন্ত্রও নিয়ন্ত্রণ করা সম্ভব।