বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের আগাম ফরমাশ শুরু, দাম কত?

গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আলট্রা মডেলের স্মার্টফোনস্যামসাংয়ের সৌজন্যে

গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠানে গ্যালাক্সি এস২৬ সিরিজের আওতায় নতুন তিন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রদর্শন করেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আলট্রা’ মডেলের স্মার্টফোনগুলো আগামী ১১ মার্চ থেকে বিভিন্ন দেশে পাওয়া যাবে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার থেকে বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোন কেনার আগাম ফরমাশ কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৬ সিরিজের বাণিজ্যিক বিক্রি কার্যক্রম শুরু হবে। তবে আগামী ১৭ মার্চ পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে। আগাম ফরমাশ দেওয়া ক্রেতারা ৯ ও ১০ মার্চ কাঙ্ক্ষিত মডেলের ফোন সংগ্রহ করতে পারবেন।

গ্যালাক্সি এস২৬ ও গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলের ফোন দুটিতে ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। দাম যথাক্রমে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকা ও ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকা। অপর দিকে ১২ গিগাবাইট র‍্যামযুক্ত গ্যালাক্সি এস২৬ আলট্রা মডেলের ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ২৫৬ ও ৫১২ গিগাবাইট। দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোনগুলো ৩৬ মাসের কিস্তিতেও কেনা যাবে। শুধু তা–ই নয়, মডেলভেদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে।