স্যামসাংয়ের নতুন তিন মডেলের ফ্রিজার বাজারে
উন্নত কুলিং প্রযুক্তিসুবিধার নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার বাজারে এনেছে স্যামসাং বাংলাদেশ। আজ সোমবার রাজধানীর উত্তরায় অবস্থিত ইলেকট্রা শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আরআই৭০এফ৩৭, আরআই৭০এফ২৯ এবং আরআই৭০এফ২০ মডেলের ফ্রিজারগুলো উন্মোচন করা হয়। ফ্রিজারগুলোর ধারণক্ষমতা যথাক্রমে ৩৭১, ২৮৭ ও ১৯৮ লিটার। ফলে পরিবারের সদস্যসংখ্যা ও প্রয়োজন অনুযায়ী পছন্দের মডেল বেছে নেওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তিনটি মডেলের চেস্ট ফ্রিজারেই আট ধাপের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে। ফলে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে তাপমাত্রা কমানো বা বাড়ানো যায়। সঙ্গে আছে ‘ইনটেনসিভ কুলিং’ সুবিধা, যা তাপমাত্রা কমিয়ে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামাতে পারে, দীর্ঘদিন মাংস বা মাছ সংরক্ষণ করতে পারে। ফ্রিজারগুলোর দরজা এমনভাবে নকশা করা হয়েছে, যাতে যেকোনো এঙ্গেলে খোলা অবস্থায় নিজে থেকেই স্থির থাকে। এতে জিনিসপত্র রাখা ও বের করা সহজ হয়।
উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের পরিচালক ও ব্যবসা বিভাগের প্রধান শাহরিয়ার বিন লুৎফর বলেন, প্রযুক্তির কাজ মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করা—আমরা সব সময় এ বিশ্বাস নিয়েই কাজ করি। সাম্প্রতিক সময়ে দেশে চেস্ট ফ্রিজারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবহারকারীদের এই বাড়তি চাহিদা বিবেচনা করে নতুন ফ্রিজারগুলো বাজারে আনা হয়েছে।
ইলেকট্রা ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শাহিদ আহমেদ আবদুল্লাহ বলেন, ‘স্যামসাংয়ের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পণ্য পৌঁছে দিতে পারছি। উভয় প্রতিষ্ঠানই পণ্যের গুণগত মানের বিষয়ে সমান গুরুত্ব দেয়। তাই নির্ভরযোগ্য ও আধুনিক ডিজাইনের ফ্রিজার খুঁজছেন—এমন গ্রাহকেরা এখানে পছন্দসই পণ্য পাবেন বলে আমরা আশা করছি।’
আরআই৭০এফ২০ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৯০০ টাকা, আরআই৭০এফ২৯-এর দাম ৬২ হাজার ৯০০ টাকা এবং আরআই৭০এফ৩৭-এর দাম ৭৫ হাজার ৯০০ টাকা। উন্মোচন উপলক্ষে সীমিত সময়ের জন্য প্রতিটি মডেলে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজিব দাস, প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমান এবং ইলেকট্রা ইন্টারন্যাশনালের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন ও অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক এ টি এম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।