মেটার স্মার্ট চশমায় ছবি তোলার পাশাপাশি বার্তা লিখেও পাঠানো যাবে
নিজেদের স্মার্ট চশমার সক্ষমতা আরও বাড়াতে বড় ধরনের সফটওয়্যার হালনাগাদ করেছে মেটা। নতুন এই হালনাগাদে মেটার ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমায় যুক্ত করা হয়েছে নিউরাল হ্যান্ডরাইটিং, লাইভ ক্যাপশন, ডিসপ্লে রেকর্ডিং, ডেভেলপারস টুলসহ উন্নত নেভিগেশন–সুবিধা। ফলে চশমাটি কাজে লাগিয়ে এখন ছবি তোলা বা অডিও শোনার পাশাপাশি স্মার্টফোন ছাড়াই বার্তা লিখে পাঠানো, গন্তব্যের দিকনির্দেশনা জানাসহ বিভিন্ন আধেয় (কনটেন্ট) তৈরি করা যাবে।
মেটার দাবি, নতুন এই হালনাগাদের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) স্মার্ট চশমাটি এখন দৈনন্দিন কাজের জন্য আরও বেশি উপযোগী হয়ে উঠেছে। এখন ব্যবহারকারীরা চাইলেই স্মার্টফোনের ওপর খুব বেশি নির্ভর না করে চশমাটির মাধ্যমে বার্তা পাঠাতে পারবেন। গন্তব্যের দিকনির্দেশনা জানার পাশাপাশি বিভিন্ন ধরনের কনটেন্টও তৈরি করা যাবে।
মেটার তথ্যমতে, নতুন হালনাগাদের সবচেয়ে আলোচিত সুবিধা হচ্ছে ‘নিউরাল হ্যান্ডরাইটিং’। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা আঙুলের নড়াচড়ার মাধ্যমে বার্তা লিখে সেটি স্মার্ট চশমার মাধ্যমে অন্যদের পাঠাতে পারবেন। তবে এ সুবিধা ব্যবহারের জন্য হাতে বিশেষ নিউরাল রিস্টব্যান্ড পড়তে হবে। রিস্টব্যান্ডটি আঙুলের নড়াচড়া শনাক্ত করে বার্তা লিখে দেবে। ফলে ব্যবহারকারীরা সহজেই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অ্যান্ড্রয়েড ও আইওএসের নিজস্ব মেসেজিং অ্যাপে বার্তা পাঠাতে পারবেন।
নতুন যুক্ত হওয়া ‘ডিসপ্লে রেকর্ডিং’ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চশমার কাচে প্রদর্শন করা তথ্যের পাশাপাশি আশপাশের দৃশ্য ও শব্দ একসঙ্গে ভিডিও আকারে ধারণ করতে পারবেন। মেটার মতে, এই সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা সহজেই বিভিন্ন ভিডিও তৈরি করতে পারবেন। অপর দিকে ‘লাইভ ক্যাপশন’–সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে অন্যদের পাঠানো ভয়েস বার্তাগুলো তাৎক্ষণিকভাবে বার্তা আকারে চশমার কাচে দেখা যাবে।
সূত্র: টেকলুসিভ