দেশের বাজারে শাওমির নতুন মডেলের হেডফোন, পাওয়ারব্যাংক ও সাউন্ডবার
দেশের বাজারে নতুন তিন মডেলের শক্তিশালী ব্যাটারিযুক্ত পাওয়ারব্যাংকসহ হেডফোন ও টেলিভিশনে ব্যবহারের উপযোগী সাউন্ডবার এনেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ারব্যাংক ২০০০০’, ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ারব্যাংক ১০০০০’ ও ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ারব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’ মডেলের পাওয়ার ব্যাংকগুলো কাজে লাগিয়ে স্মার্টফোন, ইয়ারবাডসের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপ দ্রুত চার্জ করা যায়। পাওয়ারব্যাংকগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৪ হাজার ৯৯৯ টাকা, ৪ হাজার ২৯৯ টাকা ও ২ হাজার ৫৯৯ টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রেডমি হেডফোনস নিও’ মডেলের ওয়্যারলেস হেডফোনটিতে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন সিস্টেম, ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। একবার চার্জে টানা ৭২ ঘণ্টা ব্যবহারের পাশাপাশি কম সময়ে দ্রুত চার্জ করা যায় হেডফোনটি। ডুয়েল ডিভাইস স্মার্ট কানেক্টিভিটি প্রযুক্তি–সমর্থিত হোডফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
টেলিভিশনের সঙ্গে ব্যবহার উপযোগী ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ মডেলের সাউন্ডবক্সটিতে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি রয়েছে, ফলে সিনেমা, গেম খেলা ও গান শোনার সময় নিখুঁত শব্দ শোনা যায়। ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি, অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সাপোর্ট–সমৃদ্ধ সাউন্ডবারটির দাম ৮ হাজার ৯৯৯ টাকা।
নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনার বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের বাজারে নতুন পাঁচটি পণ্য নিয়ে আসা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের চলমান প্রতিশ্রুতিরই একটি অংশ। হাই–স্পিড চার্জিং–সুবিধা ও প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা প্রতিনিয়ত প্রযুক্তিপ্রেমীদের চাহিদা পূরণ করছি।’