লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে
দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ ৩ প্রসেসরে চলা লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২–ইন–১ ১৪আইপিএইচ১১’ মডেলের ল্যাপটপটিতে কোপাইলট চ্যাটবট যুক্ত থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যায়। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬০ ডিগ্রি কনভার্টেবল ২–ইন–১ সুবিধার স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে ১৬ গিগাবাইটের ডিডিআর৫ র্যাম ও ৫১২ গিগাবাইটের পিসিআই–ই জেন৪ এনভিএমই এসএসডি রয়েছে। ফলে স্বচ্ছন্দে সফটওয়্যার চালুর পাশাপাশি যেকোনো ফাইল দ্রুত আদান–প্রদান করা যায়। ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিকস কার্ড থাকায় ল্যাপটপটিতে উন্নত রেজোল্যুশনের ভিডিও গেম খেলাসহ ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।
১৪ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস পর্দার ল্যাপটপটি মাল্টি–টাচ সমর্থন করে। ফলে ল্যাপটপটির স্পর্শনির্ভর পর্দায় লেনোভো পেন জেন ২ ব্যবহার করে সহজেই নোট নেওয়া, স্কেচ আঁকাসহ বিভিন্ন কাজ করা যায়। ডলবি অডিও স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপটিতে শাটারযুক্ত এইচডি ওয়েবক্যাম, ওয়াই–ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ইউএসবি এ ও সি পোর্ট এবং এসডি কার্ড রিডারসহ বিভিন্ন পোর্ট রয়েছে।
৬০ ওয়াট/আওয়ার ব্যাটারি ও ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার থাকায় ল্যাপটপটি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৫৯ হাজার টাকা। ল্যাপটপটির সঙ্গে থাকা অ্যাডাপ্টারেও এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।