দুই কোটি সাড়ে সাত লাখ টাকায় বিক্রি হলো যে আইফোন

প্রথম প্রজন্মের আইফোনটি দুই কোটি সাড়ে সাত লাখ টাকায় বিক্রি হয়েছেএলসিজি অকশনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো মডেলের আইফোন স্মারক হিসেবে সংগ্রহে রাখতে চান অনেকেই। আর সেটি যদি হয় অ্যাপলের তৈরি প্রথম প্রজন্মের আইফোন, তবে তো কথাই নেই। আর তাই ২০০৭ সালের জুন মাসে বাজারে আসা মোড়কযুক্ত অব্যবহৃত একটি আইফোন নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৩৭২ মার্কিন ডলার বা ২ কোটি সাড়ে ৭ লাখ টাকায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৯ টাকা ধরে)।

যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান এলসিজি অকশনসের মাধ্যমে নিলামে তোলা হয় আইফোনটি। মাত্র চার গিগাবাইট ধারণক্ষমতার আইফোনটির দাম সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করেছিল নিলামকারী প্রতিষ্ঠানটি। তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে রেকর্ড দামে বিক্রি হয়েছে আইফোনটি। উল্লেখ্য, ২০০৭ সালে আইফোনটির দাম ছিল ৫৯৯ ডলার।

আরও পড়ুন

এলসিজি অকশনসের তথ্যমতে, ২০০৭ সালে ৯ জানুয়ারি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোতে অনুষ্ঠিত ম্যাক ওয়ার্ল্ড সম্মেলনে প্রথম প্রজন্মের আইফোন প্রদর্শন করেন। এরপর ২৯ জুন আইফোন বাজারে আনে অ্যাপল। কিন্তু মাত্র দুই মাস পরই চার গিগাবাইট ধারণক্ষমতার আইফোন বিক্রি বন্ধ করে দেয় অ্যাপল। সে সময়ে বাজারে আসা মোড়কযুক্ত নতুন একটি আইফোনই নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।
সূত্র: বিবিসি, এলসিজি অকশনস

আরও পড়ুন