৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোন দীর্ঘ সময় ব্যবহার করা যায়
দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘সি১০০এক্স’ মডেলের ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করলে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যায়। শুধু তা-ই নয়, ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৮ ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। আর্মরশেল প্রটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সুবিধার ফোনটি পানির ঝাপটায় নষ্ট হয় না, এমনকি ধুলাও জমে না।
আলট্রাবুম সাউন্ডসিস্টেম যুক্ত থাকায় স্পষ্ট শব্দ শোনার পাশাপাশি স্বচ্ছন্দে গান ও ভিডিওর শব্দ শোনা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। উন্নত মানের ক্যামেরার পাশাপাশি এআইনির্ভর সুবিধা থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যায় ফোনটিতে।
১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি ৪ ও ৬ গিগাবাইট র্যামের দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটির দাম যথাক্রমে ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৩ হাজার ৯৯৯ টাকা। দারাজে রিয়েলমির স্টুডেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইনের আওতায় ফোনটি কিনলে ২ হাজার টাকা ছাড় পাবেন শিক্ষার্থীরা।