স্যামসাংয়ের প্রযুক্তিপণ্য পাওয়া যাবে এসকোয়্যার ইলেকট্রনিকসে
স্যামসাংয়ের তৈরি টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা এসকোয়্যার ইলেকট্রনিকসের শোরুম থেকে কেনা যাবে। ক্রেতাদের এ সুবিধা দিতে আজ রোববার রাজধানীর এসকোয়্যার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন অংশীদারত্ব চুক্তি করেছে স্যামসাং বাংলাদেশ ও এসকোয়্যার ইলেকট্রনিকস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের মতো স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তিপণ্য সারা দেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দেবে এসকোয়্যার ইলেকট্রনিকস। বিশ্বমানের প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, ‘এই অংশীদারত্ব সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। এসকোয়্যার ইলেকট্রনিকস ও স্যামসাংয়ের এই চুক্তি আমাদের গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিশ্রুতিরই একটি বড় প্রতিফলন।’
অনুষ্ঠানে এসকোয়্যার ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, পরিচালক আজমান আরিফ রহমান, স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের পরিচালক ও ব্যবসা বিভাগের প্রধান শাহরিয়ার বিন লুৎফরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।