২০২৬ সালে স্যামসাং টিভিতে যুক্ত হচ্ছে গুগল ফটোস
বড় পর্দায় নিজের ছবি ও ভিডিও দেখার ক্ষেত্রে এত দিন গুগল ফটোস ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড টিভিতে কাস্ট করা বা আলাদাভাবে অ্যাপ ইনস্টল করার মতো সীমিত ও জটিল উপায়ের ওপর নির্ভর করতে হতো। সেই সমস্যার পরিবর্তন আনতে যাচ্ছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সাল থেকে তাদের স্মার্ট টিভিতে সরাসরি গুগল ফটোস ব্যবহারের সুবিধা চালু করা হবে।
সোমবার এক ঘোষণায় স্যামসাং জানায়, প্রাথমিকভাবে টিভিতে গুগল ফটোসের ‘মেমোরিজ’ ফিচার যুক্ত করা হবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের বাছাই করা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বড় পর্দায় প্রদর্শিত হবে। তবে শুরুতে প্রথম ছয় মাস এই সুবিধাটি শুধু স্যামসাং টিভির জন্য পাওয়া যাবে। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, টিভিতে ছবি ও ভিডিও দেখতে হলে ব্যবহারকারীদের নিজ নিজ গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এতে টিভির সঙ্গে ব্যবহারকারীর গুগল ফটোস লাইব্রেরির সংযোগ স্থাপন হবে এবং সংরক্ষিত কনটেন্ট বড় পর্দায় উপভোগ করা যাবে। এ ছাড়া ভবিষ্যতে গুগল ফটোসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আরও কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ন্যানো বানানা প্রযুক্তিনির্ভর টেমপ্লেট, ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা এবং ‘রিমিক্স’ ফিচার। রিমিক্স ফিচারের মাধ্যমে কোনো বিদ্যমান ছবিকে ভিন্ন রূপে পরিবর্তন করা যাবে।
গুগল ফটোস ও গুগল ওয়ানের ভাইস প্রেসিডেন্ট শিমরিত বেন ইয়ার এক বিবৃতিতে বলেন, গুগল ফটোস মানুষের ছবি ও ভিডিও সংরক্ষণ ও সাজানোর একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। স্যামসাং টিভিতে গুগল ফটোস যুক্ত হলে বড় পর্দায় প্রিয় মুহূর্তগুলো দেখার পাশাপাশি মানুষ নতুনভাবে নিজেদের স্মৃতির সঙ্গে যুক্ত হতে পারবে।
সূত্র: টেকক্রাঞ্চ