১০৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে
বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বাজারে নতুন মডেলের স্মার্টফোন এনেছে অনার। ‘এক্স৮ডি’ মডেলের ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে, যা দিনের উজ্জ্বল আলো থেকে শুরু করে রাতের স্বল্প আলোতেও স্পষ্ট ও নিখুঁত ছবি তুলতে পারে। ফোকাস ধরে রাখতে রয়েছে ৩এক্স লসলেস জুম। এ ছাড়া এআই ইরেজার, আপস্কেলিং, রিফ্লেকশন রিমুভাল ও আউটপেইন্টিং সুবিধা যুক্ত থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা যায়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ‘এআই বাটন’ থাকায় সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায়। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াটের সুপারচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায় ফোনটি। শুধু তা–ই নয়, প্রায় ছয় বছর ভালো থাকে ফোনটির ব্যাটারি। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
সর্বশেষ সংস্করণের স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটিতে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড পর্দা রয়েছে। পর্দাটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটিতে ড্রপ প্রটেকশনসহ ওয়াটার রেজিস্ট্যান্স-সুবিধাও রয়েছে। ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না বা পানিতে নষ্ট হয় না।
তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র্যাম থাকায় সহজেই একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ৩৮ হাজার ৯৯৯ টাকা।