দেশের বাজারে শক্তিশালী প্রসেসরযুক্ত নতুন দুই স্মার্টফোন

দেশের বাজারে শক্তিশালী প্রসেসরযুক্ত নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ‘নোট ৬০’ ও ‘নোট ৬০ প্রো’ মডেলের ফোন দুটিতে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি ও স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন দুটিতে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় গেম খেললে বা ইন্টারনেট ব্যবহার করলেও ফোনগুলো গরম হয় না। কর্নিং গরিলা গ্লাসযুক্ত ফোন দুটি আইপি৬৫ প্রযুক্তি সমর্থন করায় ধুলাবালু ও পানিতে নষ্ট হয় না।

ফোন দুটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৯০ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই পুরো চার্জ করা যায়। আর তাই ভ্রমণের সময় ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

ফোনগুলোতে ১৪৪ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ১.৫ কে অ্যামোলেড পর্দা রয়েছে, যা মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। শুধু তা–ই নয়, পর্দায় সর্বোচ্চ ৪ হাজার ৫০০ নিট উজ্জ্বলতা থাকায় উজ্জ্বল আলোতেও বিভিন্ন তথ্য স্পষ্ট দেখা যায়। ৫০ মেগাপিক্সেলের ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরাযুক্ত ফোন দুটির দাম যথাক্রমে ৪৪ হাজার ৯৯৯ টাকা ও ৪৯ হাজার ৯৯৯ টাকা।