১ হাজার ৮৯৯ টাকায় ফোর–জি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও প্রোটন
দেশের বাজারে যৌথভাবে ফোর–জি স্মার্টফোন এনেছে মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোর–জি’ মডেলের ফোনটিতে বিল্ট ইন মাইজিপি অ্যাপ রয়েছে। এ ছাড়া ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে সহজেই ভিডিও কল করা যায় ফোনটিতে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন লিমিটেডের প্রধান কার্যালয় ‘জিপি হাউস’-এ আয়োজিত এক অনুষ্ঠানে কো-ব্র্যান্ডেড ফোনটি উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোটন জেট ফোর–জি কিনলে গ্রামীণফোনের গ্রাহকেরা বিনা মূল্যে ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ গিগাবাইট ইন্টারনেট কেনারও সুযোগ পাবেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসির আজমান বলেন, ‘জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোর–জি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা কোটি মানুষের জন্য ফোর–জি ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি। ডিজিটাল বৈষম্য দূর এবং আজকের সংযুক্ত বিশ্বে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা প্রদান করতে এ উদ্যোগ আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এই ফোনের মাধ্যমে আমরা প্রথমবারের মতো ডিজিটাল জগতে প্রবেশকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করছি, যাতে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হয়ে এর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন।’
আহসান খান চৌধুরী বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সাশ্রয়ী প্রোটন জেট ফোর–জি ক্লাউড ফোনটি আরও বেশি মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নকশা করা হয়েছে। আমরা এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত, যা ব্যবহারকারীদের ক্ষমতায়ন করে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে জাতির অগ্রযাত্রায় অবদান রাখে।’
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ ও আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল উপস্থিত ছিলেন।