১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

এআই টপ ১০০ জেড৮৯০ মডেলের কম্পিউটারগিগাবাইট

প্রযুক্তিপ্রেমী, গেমার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষকদের জন্য দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির ডেস্কটপ কম্পিউটার এনেছে গিগাবাইট। ‘এআই টপ ১০০ জেড৮৯০’ মডেলের কম্পিউটারটি মূলত প্রিমিয়াম গেমিং ও এআই গবেষণার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। কম্পিউটারটির সঙ্গে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও এসএস আইপিএস প্যানেলযুক্ত গিগাবাইট জিএস২৫এফ১৪ মডেলের গেমিং মনিটর, কেএম৬৩০০ মডেলের কিবোর্ড ও মাউস রয়েছে। কম্পিউটারটির দাম ধরা হয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

প্রযুক্তির সর্বোচ্চ মেলবন্ধন

উইন্ডোজ ১১ প্রো ও লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করা ফ্ল্যাগশিপ ডেস্কটপ কম্পিউটারটিতে শক্তিশালী সব কম্পিউটার যন্ত্রাংশ থাকায় সর্বোচ্চ এআই প্রসেসিং ক্ষমতা ব্যবহার করা যায়। এর ফলে কম্পিউটারটিতে জটিল তথ্য বিশ্লেষণ ও হাই–এন্ড ক্রিয়েটিভ কাজ দ্রুত করা যায়।

কাদের জন্য এই কম্পিউটার

কম্পিউটারটি সাধারণ ব্যবহারের জন্য নয়। যাঁরা মূলত এআই মডেলিং, ডিপ লার্নিং, থ্রি–ডি অ্যানিমেশন, জটিল ভিডিও রেন্ডারিং ও আলট্রা–সেটিংস–এ ৪কে গেমিং করতে চান, তাঁদের জন্যই মূলত তৈরি করা হয়েছে কম্পিউটারটি। উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করায় কম্পিউটারটি ডেটা সায়েন্টিস্ট ও কোডারদের কাজও সহজ করবে। দেশের নির্দিষ্ট কিছু প্রিমিয়াম আইটি রিটেইল শপ ও গিগাবাইটের অনুমোদিত পরিবেশকদের কাছে পাওয়া যাচ্ছে কম্পিউটারটি।

কম্পিউটারে থাকা যন্ত্রাংশের বর্ণনা

মাদারবোর্ড: জেড৮৯০ এআই টপ। ইন্টেলের সর্বশেষ চিপসেট সমর্থন করে মাদারবোর্ডটি।

গ্রাফিকস কার্ড: এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০। গ্রাফিকস ও এআই রেন্ডারিংয়ে সেরা ফলাফল দিতে পারে গ্রাফিকস কার্ডটি।

প্রসেসর: ইন্টেল কোর আলট্রা ৯ ২৮৫কে। শক্তিশালী এই প্রসেসর খুব দ্রুত কাজ করতে পারে।

মেমোরি: ১২৮ গিগাবাইট আলট্রা–ফাস্ট ডিডিআর৫ র‍্যাম।

ধারণক্ষমতা: ২ টেরাবাইট হাই–স্পিড এসএসডি।

কুলিং সিস্টেম: আওরাস ৩৬০ এআইও লিকুইড কুলার।