একবার চার্জ করে প্রায় ৪৫ ঘণ্টা ভিডিও দেখা যায় এই স্মার্টফোনে
দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত ‘ভিভো ওয়াই৩১ডি’ মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। ফোনটিতে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে টানা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যায়। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ সুবিধা থাকায় মাত্র ৪৩ মিনিটে ফোনটির ব্যাটারি ৫০ শতাংশ চার্জ করা সম্ভব। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসরে চলা ৬.৭৫ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির সামনে–পেছনে ৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং এআই ইরেজ–সুবিধা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা ও ভিডিও করা যায় ফোনটিতে।
অরিজিনওএস৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই ম্যাজিক মুভ, এআই ক্যাপশন এবং এআই ক্রিয়েশন–সুবিধা রয়েছে। আইপি৬৮ ও আইপি৬৯ প্লাস রেটিংযুক্ত ফোনটি ভেজা হাতেও ব্যবহার করা যায়। এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স–সুবিধার ফোনটি হাত থেকে পড়লে সহজে ভাঙে না।
সংস্করণ ভেদে ৬ ও ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২৪ হাজার ৯৯৯ টাকা, ২৬ হাজার ৯৯৯ টাকা ও ৩১ হাজার ৯৯৯ টাকা। ফোনটি ৪ মার্চ পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে।