পড়ে গেলে ভাঙে না, পানিতেও নষ্ট হয় না এই স্মার্টফোন
অসতর্কতার কারণে হাত থেকে পড়ে গেলে ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে রাগড প্রটেকশন সিস্টেমযুক্ত নতুন মডেলের স্মার্টফোন দেশের বাজারে এনেছে আইটেল। ‘আইটেল পাওয়ার ৮০’ মডেলের ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ সুবিধা থাকায় পানিতে পড়ে গেলেও নষ্ট হয় না। এমনকি ধুলাও জমে না। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকায় ১০ ঘণ্টা পর্যন্ত টানা ভিডিও দেখা যায় ফোনটিতে। ইন্টেলিজেন্ট ব্যাটারি সেলফ-রিপেয়ার প্রযুক্তি থাকায় ফোনটির ব্যাটারির কার্যকারিতা দীর্ঘদিন ভালো থাকে। ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
৬.৭৮ ইঞ্চির হাই-ডেফিনিশন পর্দার ফোনটিতে ইউনিসক টি৭২৫০ প্রসেসর রয়েছে, ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে কল নয়েজ রিডাকশন এবং ৪.৫জি ফিল্ড সিগন্যাল এনহ্যান্সমেন্ট সুবিধা থাকায় ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা বলা ও শোনা যায়।
ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৪৯০ টাকা।