কম্পিউটার বাজারেও ঈদের আমেজ

একজন ক্রেতা ঢাকার একটি কম্পিউটার বাজারে মনিটর দেখছেন।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে জমে উঠেছে প্রযুক্তিবাজার। বিক্রেতা প্রতিষ্ঠানগুলোও ঈদ উপলক্ষে দিচ্ছে মূল্যছাড়, ক্যাশ ব্যাকসহ বিভিন্ন উপহার। তাই ল্যাপটপ-কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি হচ্ছে বেশ। রাজধানী ঢাকার প্রযুক্তি বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদে তরুণ-তরুণীদের চাহিদার শীর্ষে রয়েছে ল্যাপটপ ও নেটবুক। এ ছাড়া ডেস্কটপ কম্পিউটারের বিক্রিও ভালো হচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি এবং এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে। বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদে মাঝারি বাজেটের প্রযুক্তিপণ্যের ক্রেতা বেশি। কম্পিউটার সিটি সেন্টারের পপুলার কম্পিউটারের বিক্রয় ব্যবস্থাপক বাবুল আক্তার জানান, এবার ঈদে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ল্যাপটপ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ল্যাপটপ কিনছেন বেশি। এ ছাড়া ডেস্কটপ কম্পিউটারের বিক্রিও ভালো হচ্ছে। ক্রেতারা কেমন বাজেটের মধ্যে পণ্য কিনছেন জানতে চাইলে তিনি বলেন, বেশির ভাগ ক্রেতাই ৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনছেন। চাকরিজীবীদের বাজেট একটু বেশি, তাঁরা কিনছেন ৪০ হাজার টাকার বেশি দামের ল্যাপটপ। কম্পিউটার ক্রেতাদের বেশির ভাগই নিজেদের পছন্দমতো যন্ত্রাংশের সমন্বয়ে কম্পিউটার তৈরি করে নিচ্ছেন। গেমিং কম্পিউটারও কিনছেন অনেকে।

বিসিএস কম্পিউটার সিটিতে ল্যাপটপ কিনতে এসেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থী সাদবান সাদিক। বাবার সঙ্গে ঘুরে ঘুরে খুঁজছিলেন পছন্দের ল্যাপটপ। কথা হয় তাঁর সঙ্গে। ঈদে ল্যাপটপ কেনার কারণ জানতে চাইলে সাদবান সাদিক বলেন, ‘কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তখন তো এমনিতেই ল্যাপটপ কিনতে হবে। ঈদের সময় ল্যাপটপ কিনলে বিশেষ ছাড়ে পাওয়া যায়। তাই কিনতে এসেছি।’

কম্পিউটার সিটি সেন্টারে কম্পিউটার কিনতে এসেছেন ব্যবসায়ী আজিজুর রহমান। তিনি বলেন, ‘প্রতি ঈদেই নিজের প্রতিষ্ঠানের জন্য কিছু কেনার চেষ্টা করি। এবার প্রতিষ্ঠানের জন্য দুটি নতুন কম্পিউটার কিনতে এসেছি।’

অফার

ঈদ উপলক্ষে স্মার্ট টেকনোলজিস ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অফারের আওতায় পণ্য কিনলেই ভাগ্যবান ক্রেতারা পাবেন এইচপি ল্যাপটপ, গিগাবাইট অরাস গেমিং চেয়ার, হুয়াওয়ে স্মার্ট ঘড়ি, লজিটেক গেমিং হেডফোন, টুইনমস পেনড্রাইভসহ বিভিন্ন উপহার। রায়ান্স কম্পিউটারস থেকে কম্পিউটার এবং প্রযুক্তিপণ্য কিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ৩১ মে পর্যন্ত ইবিএলের ভিসা ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।