স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ স্টোরের অ্যাপ ব্যবহারের জন্য গুগলের নতুন উদ্যোগ

অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ স্টোর থেকে নিরাপদে অ্যাপ নামানোর সুযোগ চালু করতে যাচ্ছে গুগল।ছবি: রয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। কিন্তু অনেকেই গুগল প্লে স্টোরের বদলে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে থাকেন। এসব অ্যাপের মাধ্যমে ক্ষতিকর ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিরাপদে অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানোর সুযোগ চালু করতে যাচ্ছে গুগল।

‘রেজিস্টার্ড অ্যাপ স্টোর’ নামে প্রস্তাবিত এ কর্মসূচির আওতায় বিকল্প অ্যাপ স্টোরগুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় এনে অ্যান্ড্রয়েডে অ্যাপ সাইডলোডিংয়ের সুযোগ দেবে গুগল। ফলে ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ স্টোর থেকেও গুগলের তত্ত্বাবধানে উন্নতমানের অ্যাপ নামাতে পারবেন।

অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোরের বাইরে অন্য উৎস থেকে অ্যাপ ইনস্টল করার পদ্ধতিকে সাধারণভাবে ‘সাইডলোডিং’ বলা হয়। দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে গুগল। তবে বাস্তবে অনেক ব্যবহারকারী ও ডেভেলপার বিকল্প অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ নামিয়ে ব্যবহার করেন।

নতুন এ উদ্যোগের আওতায় তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই গুগলের কাছে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর গুগলের নির্ধারিত নিরাপত্তা নীতিমালা, প্রযুক্তিগত মানদণ্ড ও যাচাইপ্রক্রিয়া মেনে চলতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এর ফলে গুগল প্লে স্টোরের মতোই অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে নিরাপদে অ্যাপ নামাতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি চালু করা হবে। পরে যুক্তরাষ্ট্রের ডেভেলপারদের জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, পরবর্তী গুগল আইও সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে গুগল। সে সময় অ্যাপ স্টোরগুলোর জন্য নিবন্ধন প্রক্রিয়া, নিরাপত্তা যাচাইপদ্ধতি এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সম্ভাব্য সুবিধাগুলো তুলে ধরা হতে পারে।

সূত্র: নিউজ১৮