ই-মেইলের সারসংক্ষেপ লিখে দেবে বার্ড

গুগলের বার্ড চ্যাটবটের মাধ্যমে ই-মেইলের সারসংক্ষেপ জানা যাবেরয়টার্স

প্রতিদিন ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে বিভিন্ন ব্যক্তিকে ই-মেইল পাঠান অনেকেই। অন্যদের পাঠানো ই-মেইল বার্তাও জমা হয় ইনবক্সে। কিন্তু ব্যস্ততার কারণে সব সময় সব ই-মেইল পড়ার সুযোগ না মেলায় গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো জানা যায় না। এ সমস্যা সমাধানে অন্যদের পাঠানো একাধিক ই-মেইল বার্তার তথ্য সারসংক্ষেপ করে দেবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট বার্ড (বিএআরডি)।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, নতুন এ হালনাগাদের ফলে ব্যবহারকারীরা জিমেইলের ওয়ার্কপ্লেস এক্সটেনশন চালু করলেই তাৎক্ষণিকভাবে একাধিক ই-মেইলের সারসংক্ষেপ জানতে পারবেন। ফলে অন্যদের পাঠানো ই-মেইল না পড়েই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দ্রুত জানা যাবে। এর মাধ্যমে কম সময়ে প্রয়োজনীয় ই-মেইলের উত্তর দ্রুত পাঠানো যাবে।

আরও পড়ুন

গুগলের তথ্যমতে, ব্যস্ততার কারণে অনেক সময় পুরো ই–মেইল না পড়ে, প্রাথমিক ধারণা নেন অনেকে। এ ক্ষেত্রে বার্ডে যুক্ত হওয়া নতুন এ সুবিধা ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বার্ড ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতেই এ উদ্যোগ। এর ফলে ওয়ার্কস্পেস এক্সটেনশন আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

নতুন এ হালনাগাদের ফলে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর জানানোর পাশাপাশি ছবিও দেখাবে গুগল বার্ড। এত দিন প্রম্পটে ছবি আপলোড করা হলেও ফলাফলে দেখা যেত না। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যেকোনো বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: অ্যান্ড্রয়েড সেন্ট্রাল