হোয়াটসঅ্যাপে ব্লক করা ফোন নম্বরের তালিকা দেখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপরয়টার্স

বর্তমানে দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীদের সঙ্গে দ্রুত এবং নিরাপদে যোগাযোগ করা সম্ভব হলেও হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তিদের কেউ কেউ অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানোর পাশাপাশি ফোনকল করেন। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত ফোন নম্বর ব্লক করেন অনেকেই। তবে কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে পরিচিত ব্যক্তিদের ফোন নম্বর ব্লক হয়ে গেলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে ব্লক করা ফোন নম্বরের তালিকা দেখে এ সমস্যার সমাধান করা সম্ভব। হোয়াটসঅ্যাপে ব্লক করা নম্বরের তালিকা দেখার পদ্ধতি দেখে নেওয়া যাক।

অ্যান্ড্রয়েড ফোনে ব্লক করা নম্বর দেখতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করে পর্দার ওপরের ডান দিকে থাকা তিনটি ডট অপশনে ট্যাপ করে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর প্রাইভেসি অপশনে প্রবেশ করে কন্ট্যাক্টস নির্বাচন করতে হবে। ব্লকড অ্যাকাউন্টস অপশনে ট্যাপ করলে ব্যবহারকারী তাঁদের সব ব্লক করা নম্বরের তালিকা দেখতে পাবেন। চাইলে কোনো নম্বর আনব্লক করাও সম্ভব।

ব্লক করার পরও কিছু বিষয় জানা গুরুত্বপূর্ণ। ব্যবহারকারী কাউকে ব্লক করলেও একই গ্রুপে থাকলে একে অপরের বার্তা দেখা যায়। তবে ব্লক করা ব্যক্তি ব্যবহারকারীর অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখতে পারবে না। নতুন স্ট্যাটাসও ব্লক করা ব্যক্তির জন্য অদৃশ্য থাকবে। তবে ব্লক করার আগে দেওয়া স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যাবে। একইভাবে, ব্লক করার আগে ব্লক করা ব্যক্তির দেওয়া স্ট্যাটাসও নির্দিষ্ট সময় পর্যন্ত দেখা সম্ভব।