পৃথিবীর প্রথম প্রোগ্রামার আডা লাভলেসের নতুন ছবির খোঁজ
পৃথিবীর প্রথম প্রোগ্রামার হিসেবে আলোচিত আডা লাভলেস। কয়েক প্রজন্ম ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা কিছু ভঙ্গুর ও দুর্লভ আলোকচিত্র এখন ব্রিটিশ জাতীয় সংগ্রহশালায় স্থায়ী জায়গা করে নিয়েছে। গণিতবিদ আডা লাভলেসের কাজ আধুনিক কম্পিউটার বা যন্ত্রের কার্যপ্রণালির ভিত্তি স্থাপন করেছিল।
আডা লাভলেস ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ইংরেজ গণিতবিদ ও লেখক। তিনি কেবল সাধারণ গণনা নয়, বরং যন্ত্র কীভাবে সুশৃঙ্খল নির্দেশনা পালন করতে পারে, তা নিয়ে কাজ করেছিলেন। দশকের পর দশক ধরে তাঁর কিছু ছবি ব্যক্তিগত মালিকানায় ছিল। লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি সম্প্রতি একটি বেসরকারি বিক্রয়ের মাধ্যমে এই ছবিগুলো জাতীয় সংগ্রহে যুক্ত করেছে।
গ্যালারি এক বিবৃতিতে জানিয়েছে, এই কাজ আমাদের আডা লাভলেসের অগ্রগামী কাজকে সম্মান জানানোর সুযোগ দেবে ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। লাভলেসের ছবি একটি ড্যাগ্যুরোটাইপ বা রূপার প্রলেপযুক্ত তামার পাতের ওপর তৈরি এক বিশেষ আলোকচিত্র। সেকালে ফটোগ্রাফাররা এই পাতকে রাসায়নিকভাবে প্রস্তুত করে ক্যামেরায় এক্সপোজ করতেন ও পরে পারদ বাষ্পের মাধ্যমে লুকানো চিত্রটি ফুটিয়ে তুলতেন। যেহেতু প্রতিটি পাতই মূল ছবি, তাই এতে সামান্য আঁচড় বা কালচে দাগ চিরস্থায়ী পরিবর্তন ঘটিয়ে দেয়। ছবিগুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় জাদুঘর কর্তৃপক্ষ এগুলোকে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখছে এবং গবেষকদের ব্যবহারের জন্য ডিজিটাল সংস্করণ তৈরি করছে।
১৮১৫ সালে জন্ম নেওয়া আডা লাভলেস তাঁর স্বল্পস্থায়ী জীবনে লন্ডনের বিজ্ঞানীদের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে চার্লস ব্যাবেজের সঙ্গে তাঁর সাক্ষাৎ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাবেজ তখন ডিফারেন্স ইঞ্জিন ও পরে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা করেছিলেন। লাভলেস বুঝতে পেরেছিলেন, এই ইঞ্জিনের সম্ভাবনা কেবল সংখ্যা গণনার মধ্যে সীমাবদ্ধ নয়। ১৮৪৩ সালে তিনি এই ইঞ্জিনের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা ক্রমানুসারে গণনার ধাপ লিখেছিলেন, যা বিশ্বের প্রথম অ্যালগরিদম হিসেবে স্বীকৃত।
অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে লিখতে গিয়ে আডা লাভলেস গণনা ও উদ্ভাবনের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টেনেছিলেন। তিনি লিখেছিলেন, যন্ত্র আমাদের কেবল তাতেই সাহায্য করতে পারে, যা সম্পর্কে আমরা আগে থেকেই পরিচিত।
ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা ছিলেন আডা লাভলেস। তিনি ১৮৫২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
সূত্র: আর্থ ডটকম