হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হচ্ছে ভয়েস ও ভিডিও কল সুবিধা
কম্পিউটার ব্যবহারকারীদের যোগাযোগের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে ব্রাউজার থেকে সরাসরি ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে কম্পিউটার থেকে কল করতে হলে ব্যবহারকারীদের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হলেও শিগগিরই ব্রাউজার থেকে সরাসরি ফোনকল করা যাবে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা সংস্করণ ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করতে পারছেন। শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ধাপে ধাপে আরও বেশি ব্যবহারকারীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। সে কারণে ব্যবহারকারীভেদে সুবিধাটি সক্রিয় হওয়ার সময় ভিন্ন হতে পারে। তবে হোয়াটসঅ্যাপ ওয়েবে ফোনকল করা বেশ সহজ হবে। ব্রাউজারে হোয়াটসঅ্যাপ চালু করে কোনো ব্যক্তিগত চ্যাটে প্রবেশ করলেই চ্যাট উইন্ডোর ওপরের অংশে ফোনকলের আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই ব্যবহারকারী ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারবেন। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ডাউনলোড বা অতিরিক্ত ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন নেই।
ভবিষ্যতে ওয়েব সংস্করণে গ্রুপ কলের সুবিধাও যুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, ওয়েব সংস্করণে করা সব ভয়েস ও ভিডিও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। ফলে কলের তথ্য হোয়াটসঅ্যাপ বা কোনো প্রতিষ্ঠান জানবে না। মোবাইল অ্যাপে ব্যবহৃত একই নিরাপত্তা মান ওয়েব সংস্করণেও প্রযোজ্য হবে।
হোয়াটসঅ্যাপের নতুন হালনাগাদে স্ক্রিন শেয়ার করার সুবিধাও যুক্ত করা হবে। সুবিধাটি কাজে লাগিয়ে ভিডিও কলের সময় ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই নিজেদের স্ক্রিন অন্যজনের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। ফলে অনলাইন বৈঠক বা যৌথ কাজে এই সুবিধা খুবই কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেকলুসিভ